শ্রেষ্ঠ অভিনেত্রী হলেন পরীমনি
বাংলাদেশ সংস্কৃতি পরিষদের জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনি তার প্রথম সিনেমা 'ভালোবাসা সীমাহীন’ এ অভিনয়ের জন্য এ পুরস্কার পান।
বাংলাদেশ সংস্কৃতি পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার প্রদান করা হয়। পরীমনি ছাড়াও ভালোবাসা সীমাহীন সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল ও প্রযোজক আতিকুল ইসলাম পুরস্কার পেয়েছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পরীমনি। তার পরিবর্তে পুরস্কার গ্রহণ করেন পরিচালক শাহ আলম মন্ডল ও কাস্টিং ডিরেক্টর মেহেদি হাসান।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘খুব ইচ্ছে ছিল নিজ হাতে জীবনের প্রথম অ্যাওয়ার্ড নেব। কিন্তু আউটডোরে শুটিং থাকায় তা হলো না। শাহ আলম মন্ডল আমার গুরু উনি আমার হয়ে পুরস্কার গ্রহণ করেছেন। এতেও আমি হ্যাপি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলি প্রমুখ। পরীমনি অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।











