নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু
শ্যামা প্রাসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু (৫৬) মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আশরাফ হোসেন রাজু উপজেলার কনিকাড়া গ্রামের কৃতী সন্তান। তিনি কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ ছাড়া নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে জানা গেছে। শোক প্রকাশকারীরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।











