নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
শ্যামা প্রাসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের আজমবাড়ি মোড়সংলগ্ন মহেশ রোডে ঝটিকা মিছিল করেছে শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আইমন (২৩) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিছিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ওয়ারুক গ্রামের জীবন মিয়ার ছেলে। এ সময় মিছিলে অংশ নেওয়া অন্য নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











