আবারও অচেনা রূপে রিয়াল
স্পোর্টস ডেস্ক : ‘শক্তের ভক্ত নরমের যম’—এই মৌসুমের রিয়াল মাদ্রিদের সঙ্গে তকমাটা জুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ছোট দলগুলোর সঙ্গে বেশ আক্রমণাত্মক খেলছে, রীতিমতো গোল উৎসব করছে রাফায়েল বেনিতেজের দল। অথচ একটু শক্ত প্রতিপক্ষের সামনে পড়লেই যেন হাঁটুতে কাঁপন ধরে যায়। এমন ‘ধারাবাহিকতা’ কালও ধরে রেখেছে রিয়াল। ভিয়ারিয়ালের সঙ্গে হেরে গেছে ১-০ গোলে।
লিগে বার্সেলোনার কাছে পরাজয়ের পর সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে ২১ গোল করেছিল রিয়াল। মনে হচ্ছিল, ধীরে ধীরে চেনা রূপে দেখা দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমারা। সেই সঙ্গে রিয়ালকেও ফিরিয়ে আনছেন লিগ শিরোপার লড়াইয়ে। লা লিগার সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ড্র করায় সুযোগও ছিল পয়েন্ট ব্যবধানটাকে ২-এ নামিয়ে আনার। কিন্তু সেই সুযোগটা নিতে পারল না রিয়াল। ভিয়ারিয়ালের মাঠে আত্মসমর্পণটা হল অসহায়ের মতোই। শীর্ষে থাকা বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৫।
এ নিয়ে লিগে ৩টি ম্যাচ হেরেছে ‘লস ব্লাঙ্কোস’। প্রতিপক্ষ গুলোর নাম দেখে নিন—বার্সেলোনা, সেভিয়া ও ভিয়ারিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে করেছে ড্র। এই চার প্রতিপক্ষের সঙ্গে রিয়াল গোল করেছে ৩টি। তারপরও ১৪ ম্যাচ শেষে তাদের গোল ব্যবধান (+) ২০! ‘শক্তের ভক্ত নরমের যম’— তকমাটা আসলেই জুড়ে গেলে আশ্চর্যের কিছু থাকবে না।
ভিয়ারিয়ালের বিপক্ষে গোল না পাওয়ার জন্য স্ট্রাইকারদের ব্যর্থতাকেই দুষতে পারে রিয়াল। পুরো ম্যাচে শট ২০টি, অথচ তাঁর মধ্যে গোলপোস্টের দিকে গেছে মাত্র ১টি শট! সর্বশেষ ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া রোনালদো-বেনজেমারা বোধ হয় কাল শুটিং বুটটা পরতে ভুলে গিয়েছিলেন।
তবে তাঁরা ভুলে গেলেও রবার্তো সলদাদো ভোলেননি। ভ্যালেন্সিয়ার হয়ে দুর্দান্ত দুই মৌসুম কাটানোর পর গত মৌসুমে ২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন।
কিন্তু সেখানে একদমই মানিয়ে নিতে পারেননি। দুঃস্বপ্নের মতো এক মৌসুম কাটিয়ে এবারই আবার ফিরে এসেছেন স্পেনে। ফিরে এসেছেন পুরোনো ফর্মেও। তারই প্রমাণ দিলেন কাল ম্যাচের ৮ মিনিটে। উইঙ্গার সেডরিক বাকাম্বুর স্কয়ার পাস ধরে ঠান্ডা মাথায় রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসের দুপায়ের মাঝ দিয়ে বল জড়িয়ে দিলেন জালে। অবশ্য এর চার মিনিট আগেই এগিয়ে যেতে পারত ভিয়ারিয়াল। রিয়ালের ভাগ্য ভালো ছিল, জোনাথন দস সান্তোসের শটটা ফিরে এসেছে পোস্টে লেগে।
রিয়াল ম্যাচে কিছুটা ফিরে আসার চেষ্টা করেছে দ্বিতীয়ার্ধে। ৪৫ থেকে ৪৯— এই পাঁচ মিনিটেই গ্যারেথ বেলের ক্রস থেকে দুবার বেনজেমার শট বাঁচিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক আলফনসে আরিওলা। শেষ ১৫ মিনিটেও দুবার গোলের কাছাকাছি গিয়েছিলেন বেনজেমা ও হামেস রদ্রিগেজ।
এই হারে আবারও সমালোচনার মুখে পড়তে যাচ্ছেন রিয়াল কোচ বেনিতেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে স্ট্রাইকারদের ব্যর্থতাই আক্ষেপ হয়ে ঝরল তাঁর কণ্ঠে, ‘লিগ জিততে হলে অনেক ম্যাচ জিততে হবে। আজকের মতো ম্যাচগুলোতে আমাদের আরও বেশি শক্ত হতে হবে। গোলমুখে শটের হিসেবে আমরা সবার চেয়ে এগিয়ে। বিষয়টি এখন ব্যক্তিগত দক্ষতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং এটি নিয়ে আমাদের কাজ করতে হবে।’
বার্সার ড্র করার ফায়দাটা রিয়াল তুলে নিতে না পারলেও অ্যাটলেটিকো মাদ্রিদ ঠিকই তুলে নিয়েছে। অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ডিয়েগো সিমিওনের দল। এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সার সমান ৩৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো। ঘরের মাঠে ২৭ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার অ্যামেরিক লাপোর্তের গোলে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাউল নিগেজ গোল করে সমতায় ফেরান সিমিওনের দলকে। আর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন আঁতোয়ান গ্রিজমান। তথ্যসূত্র: বিবিসি, ইএসপিএন।











