শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইব্রাহিমোভিচের রেকর্ড, স্টার্লিংয়ের জন্মদিন উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা কী এমন দাঁড়িয়ে গেছে যে, ইব্রাহিমোভিচ গোল করবেন আর তাতে একটা করে রেকর্ড হবে? এই তো গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগে নিসের বিপক্ষে জোড়া গোল করে একটা ক্লাব রেকর্ড গড়েছেন—ফ্রেঞ্চ লিগে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল (৮৭)। এর আগে গত অক্টোবরে পলেতাকে সরিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের রেকর্ডটা আর বাদ যাবে কেন!
সেটাও হয়ে গেল কাল। গ্রুপপর্বের শেষ ম্যাচে শাখতার দোনেৎস্কের সঙ্গে এক গোল করে এখন ইউরোপীয় প্রতিযোগিতাতেও পিএসজির সর্বোচ্চ গোলদাতা এখন ইব্রাহিমোভিচ (১৬)। এত দিন ধরে রেকর্ডটাতে ভাগ বসিয়ে রেখেছিলেন লাইবেরিয়ান গ্রেট জর্জ উইয়াহ। কাল পিএসজির ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করে রেকর্ডটায় নিজের ‘দখল’ নিশ্চিত করলেন ইব্রা।
দলের দ্বিতীয় গোলটি করেছেন, তবে শাখতারের বিপক্ষে দলের প্রথম গোলটিও এসেছে ইব্রার পাস থেকেই। বল কীভাবে ধরে রাখতে হয়, তার দুর্দান্ত উদাহরণ দেখিয়ে এগোতে থাকা লুকাস মওরার দিকে পাস বাড়িয়ে দেন সুইডিশ ফরোয়ার্ড। দুপা এগিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দিতে কোনো সমস্যাই হয়নি লুকাসের। নিজের গোলের প্রতিদান হিসেবেই কিনা, ইব্রার গোলটিতেও সহায়তা করেছেন লুকাসই।
ম্যাচের আগেই নিশ্চিত ছিল, ফল যা-ই হোক, গ্রুপে দ্বিতীয় হয়েই পরের রাউন্ডে যাচ্ছে পিএসজি। প্রায় দ্বিতীয় সারির দল নিয়েও ইব্রা-মওরার গোল তাই জয়ের ধারা ধরে রাখা নিশ্চিত করল। বুঝিয়ে দিল, চ্যাম্পিয়নস লিগ নিয়ে এবার তারা বেশ সিরিয়াস। অবশ্য নব্য ধনী ক্লাবটির মালিকের চাওয়াও তো তা-ই। ঘরোয়া পর্যায়ে সব জেতা হয়ে গেছে, এবার ইউরোপ জয়ের পালা।
পিএসজির মতো আরেক নব্য ধনী ম্যানচেস্টার সিটিও এবার বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে চ্যাম্পিয়নস লিগকে। অবশ্য এখনই ইউরোপ-সেরা হওয়ার পরিকল্পনা করছে তারা, এমন দাবি কেউ করছে না। কখনো দ্বিতীয় রাউন্ড পেরোতে না পারা একটা দলের জন্য সেটা বাতুলতা। তবে ‘সিটি আসছে’—এমন একটা বার্তা অন্তত ইউরোপে দিতে চাইছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
সেই লক্ষ্যে বেশ ভালোই এগিয়েছে তারা। এবারের চ্যাম্পিয়নস লিগের ‘গ্রুপ অব ডেথ’ থেকে সবার শীর্ষে থেকে শেষ ষোলোতে যাচ্ছে তারা, এটা তো আর চাট্টিখানি কথা নয়। কাল গ্রুপের শেষ ম্যাচেও ঘরের মাঠে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখকে ৪-২ গোলে হারিয়েছে সিটি।
জোড়া গোল করে দলের নায়ক ‘বার্থডে বয়’ স্টার্লিংকে অভিবাদন জানাচ্ছেন পেলেগ্রিনি। ছবি: এএফপি‘ইউরোপে সিটির সেরা রাত’-গত কদিন ধরে কথাটা বেশ কবার ব্যবহার হয়েছে। এত বেশি যে, আসলে কোনটি ‘বেশি’ সেরা সেটা নিয়ে তর্ক হতে পারে। তর্কে কালকের রাতটাও থাকবে। সিটি কোচ পেলেগ্রিনিই তো বলে দিলেন, ‘আজ (কাল) দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি, এভাবে খেললে যেকোনো দলকেই হারাতে পারব।’
দ্বিতীয়ার্ধের কথাই বলতে হলো পেলেগ্রিনিকে, কারণ প্রথমার্ধ শেষে পরাজিত দলের নামটা তো ছিল ম্যানচেস্টার সিটিই। ডেভিড সিলভা ১৬ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন বটে, তবে ১৯ মিনিটে জুলিয়ান কর্ব ও বিরতির ৩ মিনিট আগে রাফায়েলের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মনশেনগ্ল্যাডবাখ।
দ্বিতীয়ার্ধ পুরোটা ছিল ‘স্টার্লিং শো’। কাল ছিল রাহিম স্টার্লিংয়ের ২১ তম জন্মদিন। জন্মদিনটা নিজেই রাঙিয়ে নিলেন ইংলিশ উইঙ্গার। দ্বিতীয়ার্ধের ৭৯ থেকে ৮১— মিনিটে দুই গোল করে সিটিকে এগিয়ে দেন ‘বার্থডে বয়’। খেলা শেষের মিনিট পাঁচেক আগে উইলফ্রায়েড বোনির গোলটা নিশ্চিত করেছে, স্টার্লিংয়ের জন্মদিনের উৎসব জয় দিয়েই হবে।
গ্রুপের অন্য ম্যাচে ফার্নান্দো ইয়োরেন্তের গোলে গতবারের রানার্সআপ জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ‘পরিচিত আঙিনা’য় ফেরত গেছে সেভিয়া। গত দুবারের ইউরোপা লিগ জয়ীরা এই জয়ে গ্রুপে তৃতীয় হয়েছে। আবারও তাই তাদের খেলতে হচ্ছে ইউরোপাতেই। জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বে যাবে সেটি নিশ্চিতই ছিল। তবে হেরে গ্রুপের দ্বিতীয় হওয়ার অস্বস্তি নিয়েই যেতে হলো। তথ্যসূত্র: উয়েফা।