বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি, সুয়ারেজদের গোল মিসের মহরায় থমকে গেল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের প্রথম ম্যাচে গেটাফেকে ৪-১ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নামিয়ে আনে রিয়াল মাদ্রিদ। বার্সার সামনে সুযোগ ছিল ফের ব্যবধান ছয়ে বাড়িয়ে নেয়ার। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে কাতালান শিবির। প্রতিপক্ষের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসি-নেইমার-সুয়ারেজেরা।

ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনাকে এগিয়ে নেয়া গোলটি করেন লুইস সুয়ারেজ। স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন স্প্যানিশ তারকা সান্তি মিনা। লিওনেল মেসি ও নেইমার দুই অর্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় টানা ছয়টি লিগ ম্যাচ জেতার পর সপ্তম ম্যাচে এসে হোঁচট খেলো লুইস এনরিকের দল।

শনিবার খেলার ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ পায় বার্সেলোনা। তবে ডি বক্সের ভেতর থেকে নেইমারের নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় কাতালানদের।

২৫ মিনিটে আরেকটি গোলের সুযোগ নষ্ট করে বার্সা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দুর্দান্ত গতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে মেসিকে রক্ষণচেরা পাস দেন। তবে আর্জেন্টিনা অধিনায়ক বল তুলে দেন গোলরক্ষকের হাতে।

 

৩৪তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। মেসির পাস থেকে বল পেয়ে সুয়ারেজের উদ্দেশ্যে ক্রস বাড়ান নেইমার। তবে নিজের ভলি লক্ষ্যে রাখতে পারেননি উরুগুয়ে ফরোয়ার্ড।

বিরতির কিছুক্ষণ পর অবশ্য এগিয়ে যায় বার্সেলোনা। ৫৯তম মিনিটে মেসির দারুণ পাস থেকে ডি বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করে কাতালানদের এগিয়ে নেন সুয়ারেজ।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে বার্সেলোনাকে হতাশ করে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। সতীর্থের লম্বা পাস ধরে পাকো আলকাসার বল বাড়ান সান্তি  মিনার উদ্দেশ্যে। ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে ক্লদিও ব্রাভোকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ দিকে মেসির অসাধারণ এক ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে চলে গেলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

এই ড্র সত্ত্বে ১৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। দিনের অপর ম্যাচে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে। অ্যাটলেটিকোর পয়েন্ট ৩২। আর করিম বেনজেমা জোড়া গোল এবং গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি করে গোলে গেটাফেকে ৪-১ গোলে পরাজিত করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।