বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের মাঠে ফেরার লড়াইয়ে আজ নামছে ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : আজ আবার ঢাকার মাঠে ফিরছে বিপিএল। ফিরছে ঢাকা ডায়নামাইটসকে ফিরে আসার চ্যালেঞ্জ জানিয়ে। এমনিতে বিপিএলে ঘরের মাঠ, পরের মাঠ বলে কিছু নেই। তারপরও নামের সঙ্গে ‘ঢাকা’ জুড়ে থাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে ‘নিজেদের মাঠ’ ভাবতেই পারে ঢাকা ডায়নামাইটস, যেমনটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ভেবেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু ‘ঘরের মাঠ’ তামিম ইকবালের দলকে দিয়েছে শুধু হতাশা। ঢাকার জন্য কী অপেক্ষা করছে?
লিগ পর্বে ম্যাচ বাকি আর ১০টি। অঙ্কের হিসাবে যেকোনো দলের সামনেই এখনো খোলা শেষ চারে যাওয়ার দরজা। তবে সাত ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানস নেট রানরেটেও (+০.৬৪৪) এগিয়ে থেকে সবার ওপরে। ছয় ম্যাচে সমান পয়েন্ট এবং +০.৪২২ নেট রানরেটে দুইয়ে বরিশাল বুলস। চট্টগ্রামে এভিন লুইসের সেঞ্চুরির পর ঢাকায় ক্রিস গেইলেরও আগমনে শেষ চার ম্যাচে মাহমুদউল্লাহর দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ার কথা। বিপিএলে এর আগে তিন সেঞ্চুরির মালিক গেইল এবার সেঞ্চুরি করার ঘোষণাটা দিয়েছেন ঢাকায় আসার আগেই। কাল দলের সঙ্গে অনুশীলন শেষেও দিলেন একই হুংকার, ‘বিশ্বের যেখানেই খেলি, আমি চাই মানুষকে আনন্দ দিতে। সবাইকে হয়তো সব সময় খুশি করতে পারি না। তবে চেষ্টাটা থাকে।’
বোলারদের জন্য বিপদের কারণ হয় গেইলের এই চেষ্টাটাই। তা এবার বিপিএলে কি দেখাতে চান এই ক্যারিবীয় ব্যাটসম্যান? গেইল ব্যাপারটা খোলাসা করলেন না, ‘ব্যাট হাতে তো এরই মধ্যেই অনেক কিছু করে ফেললাম। বুঝতে পারছি না এরপরের প্রত্যাশাটা কী হওয়া উচিত।’ মুখে না বললেও মনে মনে একটা পরিকল্পনা ঠিকই আছে। মিরপুরে আজ দিনের প্রথম ম্যাচে তা টের পেয়ে যেতে পারে সিলেট সুপারস্টারসও।
সিলেটের জন্য এখন পর্যন্ত এটা বিষাদেরই টুর্নামেন্ট। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির ছয় ম্যাচে জয় মাত্র একটি। শেষ চারের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি চার ম্যাচে অন্তত তিনটি জয় চাই। আর যদি আজই তারা হেরে যায় বরিশালের কাছে, নিশ্চিত হয়ে যাবে কুমিল্লা, বরিশালের শেষ চারে খেলা। আশাবাদী হওয়ার মতো অবস্থায় নেই চিটাগং ভাইকিংসও। আট ম্যাচে পয়েন্ট মাত্র ৪।
সাকিব আল হাসানের রংপুর রাইডার্স সেদিক দিয়ে অনেকটাই নিশ্চিন্ত। পয়েন্ট এখনই ৮। বাকি তিন ম্যাচের দুটি জিতলেই শেষ চারে ঢুকে যেতে পারে তারা। আর দিনের প্রথম ম্যাচে সিলেট হারলে তো আজ ঢাকাকে হারাতে পারলেই কাজ হয়ে যাবে। ছয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট পাওয়া ঢাকার সম্ভাবনা অবশ্য তখনো থাকবে। তবে রংপুরকে হারিয়ে সম্ভাবনাটা এ ম্যাচেই আরও বাড়িয়ে নিতে চান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ‘ঘরের মাঠের সুবিধাগুলো আমাদের নিতে হবে। মাঠে গিয়ে উজাড় করে দিতে হবে নিজেদের। ইতিবাচক ক্রিকেট খেলারই চিন্তা আমাদের। আমাদের জন্য সেটাই ভালো হবে’—কাল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে বলছিলেন ঢাকার শ্রীলঙ্কান অধিনায়ক।
নাসির হোসেনেরও তেমনটাই বিশ্বাস, ‘আমাদের এখনো ভালো সম্ভাবনা আছে সেমিফাইনালে খেলার। তবে সম্ভাবনা থাকলেই হবে না, মাঠে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমার বিশ্বাস বাকি ম্যাচগুলোতে আমরা সেটা পারব।’ আইকন খেলোয়াড় হিসেবে অবশ্য নাসিরের পারফরম্যান্স এখনো মন ভরাতে পারেনি ঢাকার মালিকপক্ষের। তবে অধিনায়ক সাঙ্গাকারাকে পাশেই পাচ্ছেন তিনি, ‘ব্যাটিং-বোলিং দুটিতেই ভালো করছে নাসির। তবে আমি নিশ্চিত সে নিজেও চায় আরও বেশি রান করতে, ম্যাচ শেষ করে দিয়ে আসতে। বাংলাদেশের সেরা খেলোয়াড়দেরই একজন সে। তাকে দলে পেয়ে আমি খুবই খুশি।’
আইকনদের পারফরম্যান্সের প্রতিযোগিতায় অন্যদের তুলনায় নাসির এখনো পিছিয়ে। ঘরের মাঠে ঢাকা ডায়নামাইটসকে লড়াইয়ে ফেরানোর তাড়নাটা তাই তাঁরই সবচেয়ে বেশি।