প্রতীক্ষা শুরু পরের হেমন্তের
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব
মঙ্গলবার দিবাগত রাতে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে (বাঁ থেকে) গওহর রিজভী, আবুল খায়ের লিটু, আনিসুল হক, ফজলে হাসান আবেদ, আনিসুজ্জামান ও সৈয়দ এ সামাদ l
আলোক্রিকেট ম্যাচ দেখতে কিংবা ব্যান্ডসংগীত শুনতে নয়, দলে দলে এসেছিলেন হাজারো মানুষ। সরে দাঁড়িয়ে অন্যকে পথ ছেড়ে দিয়েছেন, পাশাপাশি বসে খেয়েছেন, সুরের ভেতর ডুব দিয়েছেন। সেসব সুর চেনা কোনো লোকগানের নয়, প্রচলিত জনপ্রিয় ধারার কোনো গানেরও নয়। এ তো শাস্ত্রীয় সংগীত, যা হৃদয়ের জন্য অনেকটা ওষুধের মতো। অন্তরালে প্রবেশ করে সমস্ত জরা মুছে দেয়, বেদনা শুষে নেয়। নিরাপত্তার ভয়ে শঙ্কায় যেখানে প্রতিটি দিন পার করছেন নাগরিকেরা, সেখানে রাতভর ৫৫ হাজারের বেশি মানুষ আর্মি স্টেডিয়ামে এসেছেন এবং প্রীতিকর অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছেন। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ অবগাহন করেছে সুরের সমুদ্রে। পুরো প্রক্রিয়াটিকে ‘অসাধারণ’ উল্লেখ করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছিলেন, ‘দেশি-বিদেশি শিল্পীরা পাঁচ দিন ধরে তাঁদের পরিবেশনা শেষে নিরাপদে ফিরে যাচ্ছেন—এ আমাদের দেশের জন্যও গর্বের।’
‘উচ্চাঙ্গসংগীত রাজা-বাদশাহদের সংগীত। সাধারণে সেসব বোঝেও না, শোনার সৌভাগ্যও হয় না তাদের। সম্রাট আকবর ছাড়া তানসেনের সুর শোনার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়েছিল। অথচ আজ এত বছর পর বাংলাদেশের রাজধানীতে রাতের পর রাত সংগীত পরিবেশন করে গেলেন বড় শিল্পীরা। পৃথিবীর কোনো দেশে এভাবে উচ্চাঙ্গসংগীত শোনা হয় না।’ ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫’-এর সমাপনী আসরে কথাগুলো বলেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
পাঁচ দিনের এই আয়োজনের গোপন অথচ স্বপ্নময় এক অভিপ্রায়ের কথা চতুর্থ শাস্ত্রীয় সংগীত উৎসবের সমাপনী দিনে ব্যক্ত করেছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তিনি বলেছিলেন, ‘বহু মানুষ এই অনুষ্ঠান শুনছেন। এঁদের ভেতর রয়েছেন অনেক ছাত্র। তাঁদের ভেতরে ভালো গান প্রবেশ করতে শুরু করেছে। ভালো গান ভেতরে প্রবেশ করলে খারাপ জিনিস আর ভালো লাগবে না। এরপর থেকে তাঁরা আরও ভালো কাজ করবেন। তাঁদের মধ্যে যে ছাত্ররা ভবিষ্যতে দেশ সাজাবেন, তাঁরা আরও ভালোভাবে দেশ সাজাতে পারবেন।’
কেন এত সব আয়োজন? বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, নিজের অনেক স্বপ্নের কথা ছোটবেলায় তাঁর চাচা জ্ঞানতাপস আবদুর রাজ্জাক তাঁকে বলতেন। তখন সেসব বুঝতেন না তিনি। আবুল খায়ের বলেন, ‘এখন বয়স বেড়েছে, ধীরে ধীরে সেগুলো বুঝতে শুরু করেছি। চাচার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করে যাচ্ছি।’ ফজলে হাসান আবেদ বলেন, ‘উচ্চাঙ্গসংগীত উৎসব শুদ্ধ সংগীতের জাগরণ সৃষ্টি করেছে।’ উৎসবে গাইছেন ওস্তাদ রশিদ খানএবারের আসরে সংগীতপ্রেমীদের কেউ এসেছেন বিশেষ কোনো শিল্পীর পরিবেশনা শুনতে। কেউবা এসেছেন পুরো উৎসবে অংশ নিয়ে সংগীতরুচির মানোন্নয়নে। শুনতে শুনতেই তো একসময় কান তৈরি হয়। আর একবার প্রস্তুত হয়ে গেলে চাইলেও আর বেসুরো কিছু ভালো লাগবে না। মানুষ দলবদ্ধভাবে যেভাবে অসুরকে পরাস্ত করে, ঠিক সেভাবে জাতিগতভাবে যদি গানের নামে বেসুরো চর্চাকে প্রতিহত করা যায়, তাহলে তো বেশ হয়। সেই সময় বোধ হয় খুব বেশি দূরে নয়। চলুন এই উৎসবের শেষ দুটি রাতের আবহ ভাগাভাগি করে নেওয়া যাক।
রাত ১২টার পর তখন মঙ্গলবার শুরু। প্রায় পাথর হয়ে গিয়েছিলেন রাজধানীর আর্মি স্টেডিয়ামে উপস্থিত অর্ধলাখ সংগীতপ্রেমী। এই রাতটি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। মঞ্চে ৬৫ বছর বয়সী ওস্তাদ জাকির হোসেন। বাতাসের ভেতরে তিনি সঞ্চারিত করে দিয়েছিলেন তবলার তরঙ্গকে। দর্শক শক্ত হয়ে শুনেছেন বায়া-তবলায় কীভাবে ট্রেন চলে, বৃষ্টি পড়ে, গর্জন করে মেঘ, ছুটে যায় ঘোড়া।
সমাপনী রাতেও গ্যালারি বা মাঠ—কোথাও তিল ধারণের জায়গা ছিল না। সব চোখ অপলক চেয়ে ছিল মঞ্চে। অন্ধকার মঞ্চে বাতি জ্বলতেই সবুজ পাঞ্জাবি, গলায় পুঁতির মালা আর কপালের মাঝখানে টকটকে লাল তিলকে উজ্জ্বল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে দেখা যায়। তিনি বাঁশিতে ঠোঁট ছোঁয়াতেই নির্ঘুম চোখগুলো শান্ত হয়। দেড় ঘণ্টা তিনি বাঁশিতে রাগ কিরওয়ানি, রাগ জৈত রূপক ও তিনতাল বাজিয়ে শোনান। তাঁর মায়াবী ভাটিয়ালি সুরের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ সংগীত উৎসব। ভোরে প্রশান্তি নিয়ে বাড়ির পথে পা বাড়ান সংগীতপিয়াসীরা। পাঁচ দিনের নানা আয়োজনে প্রত্যেকেই তাঁদের সেরাটাই দিয়েছেন উজাড় করে। কাকে রেখে কার কথা বলব? বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে যায় বিদুষী আলারমেল ভেল্লি, জয়ন্তী কুমারেশ, শুভা মুদগাল, পণ্ডিত শিবকুমার শর্মা, অজয় চক্রবর্তী, করাইকুড়ি মানি, উলহাস কশলকর, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সুরেশ তালওয়ালকার, এন রাজম, বালমুরারী কৃষ্ণ, রণু মজুমদার, ওস্তাদ রশিদ খান, ওয়াসিফউদ্দিন ডাগর, সুজাত খানের গায়ন-বাদন-নাচনের কথা। বাংলাদেশের মীনু হকের পল্লবী ডান্স সেন্টার, ওয়ার্দা রিহাব ও তাঁর দল, ইউসুফ খান প্রমুখের পরিবেশনাও কি ভোলা যায়?
চৌরাসিয়ার বাঁশি থামার পর মঞ্চে আবার এলেন আবুল খায়ের লিটু। সমবেত দর্শক-শ্রোতার উদ্দেশে তিনি বললেন, ‘এ উৎসব শেষ হলে আমার কান্না পায়। এই পাঁচ দিন আমরা টানা সুরের মধ্যে ছিলাম। এই বিশাল আয়োজনের নেপথ্যে অনেকের কঠোর পরিশ্রম আছে, যাঁদের মধ্যে বেঙ্গলের নেপথ্য কর্মীদের ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে দুজন মানুষকে আমি মিস করছি। তাঁদের একজন আমার বন্ধু ও বড় ভাই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, অন্যজন আমার বন্ধু ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তাঁরা এবার এই আয়োজনের সঙ্গে ছিলেন না, কিন্তু প্রথম উৎসব থেকেই প্রথম আলো ও ডেইলি স্টার আমাদের যে সহযোগিতা করেছে, এর ফলেই এত মানুষ উৎসব সম্পর্কে জেনেছেন, তাঁদের মনে শাস্ত্রীয় সংগীত সম্পর্কে আগ্রহ জেগেছে এবং আমাদের উৎসব সফল হয়েছে।’
সামনের বছরের হেমন্ত শেষে এই উৎসব ফিরবে আবার। শুরু হয়ে গেছে তার জন্য প্রতীক্ষা। আয়োজকদের প্রত্যাশা, উৎসবস্থলে মানুষ যেভাবে রাতভর মিলেমিশে পাশাপাশি থেকেছেন, সারা বছর সবখানেই যেন তেমনিভাবে থাকতে পারেন। আর সবার প্রত্যাশা, এই ঢাকা মহানগরী একদিন হবে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী।











