বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে
বাংলাদেশের নোয়াখালীর সঙ্গে পারিবারিক শিকড়ের টান। আজ সেই বাংলাদেশের বিপক্ষেই ব্যাট হাতে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু।
সিলেট টেস্টের প্রথম দিনের সকালে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তুলেছেন জাঙ্গু। অভিষিক্ত কেভিন উইকহামের সঙ্গে গড়েছেন ১৩১ রানের জুটি। এরপর জাস্টিন গ্রিভসকে নিয়ে যোগ করেছেন আরো ৭৭ রান।
দিন শেষে জাঙ্গু অপরাজিত ১১১ রানে।
তার সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের সংগ্রহ ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান।
জাঙ্গুর সঙ্গে বাংলাদেশের একটা আলাদা যোগসূত্র আছে।
এত দিনে নিশ্চয় অনেকেই জেনে গেছেন। তার জন্ম ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদে হলেও মা সুলতানা জাঙ্গুর বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবহানপুর গ্রামে। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে তাই জাঙ্গুর পারিবারিক শিকড়ের প্রসঙ্গ সামনে আসে।
অবশ্য আজকের সকালটা ছিল বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চাপে ফেলে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
তাসকিন ও হাসানের তোপে ২৭ রানের মধ্যে ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা ও কাভেম হজের উইকেট হারায় সফরকারীরা।
এবারের বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ এমনিতেই কিছুটা দুর্বল। বিশ্রামে আছেন ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ। ভাইরাল জ্বরের কারণে সিলেট টেস্টে খেলতে পারছেন না মিরপুর টেস্টে দারুণ ব্যাটিং করা জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল।
এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের হাল ধরতে হয় আমির জাঙ্গুকে। অভিষিক্ত কেভিন উইকহামকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। দুজনের ব্যাটে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। উইকহাম খেলেছেন ১৪৫ বলে ৬১ রানের ধৈর্যশীল ইনিংস। অন্যদিকে জাঙ্গু ছিলেন তুলনামূলক আক্রমণাত্মক। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ১৩১ রান।
শেষ পর্যন্ত উইকহামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপরও বাংলাদেশের স্বস্তি ফেরেনি। জাঙ্গুর সঙ্গে যোগ দেন জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে দিন শেষ করে সফরকারীরা।
এই জুটি গড়ার পথে সেঞ্চুরিও পূরণ করে জাঙ্গু। তাইজুল ইসলামের বলে ছক্কা মেরে ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। এটি টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে উপহার দিয়েছিলেন ২৩৩ রানের দুর্দান্ত ইনিংস।
আন্তর্জাতিক ক্রিকেটে জাঙ্গুর প্রথম সেঞ্চুরিটিও বাংলাদেশের বিপক্ষেই। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডে অভিষেকে ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এবার টেস্টেও বাংলাদেশের বিপক্ষে শতকের দেখা পেলেন।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে অবশ্য জাঙ্গু কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি। সিলেটে যেন মিরপুরের ব্যর্থতার জবাব দিলেন ব্যাট হাতে।
আলোকস্বল্পতার কারণে আজ খেলা হয়েছে ২০ ওভার কম। দিনের বাকি সময় খেলা হলে বাংলাদেশের বোলারদের আরো কতটা ভোগাতেন জাঙ্গু, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আগামীকাল দ্বিতীয় দিনের সকালে বোলারদের প্রথম লক্ষ্য হবে জাঙ্গুকে দ্রুত আউট করা। তা না হলে বাংলাদেশি বংশোদ্ভূত জাঙ্গু যে বাংলাদেশকে আরো ভোগাবেন, সেটি না বললেও চলছে!











