যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বার্তায় আইএসপিআর জানায়, এ সময় ৩ জনকে গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনীএদিকে, কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, পাহাড়ে জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে।
এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন আহত হন। অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নুরালীপাড়া পাহাড়সংলগ্ন এলাকার বাসিন্দা নাছিমা আক্তার বলেন, বিকেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। সেখানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল।
তাদের উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, লেদার পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।











