বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের সুবিধার্থে পিচ বানিয়ে জরিমানার মুখে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে সুবিধাজনক পিচ বানিয়ে প্রতিপক্ষকে কাবু করতে চায় অনেক আয়োজক দেশই। তবে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যে ধরনের পিচ বানিয়েছে তা সব সীমাই অতিক্রম করে গেছে। নাগপুরে সিরিজের তৃতীয় ম্যাচে সর্বোচ্চ রকমের স্পিনার সহায়ক উইকেট বানিয়েছিল ভারত। ম্যাচটা ১২৪ রানে জিতলেও বাজে পিচ বানানোর দায়ে এখন জরিমানার মুখে পড়তে হতে পারে ভারতকে। সর্বোচ্চ ১৫ হাজার ডলার জরিমানা ছাড়াও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে নাগপুর।

 


নাগপুর টেস্টে দাপট দেখিয়েছেন শুধু বোলাররাই। বিশেষভাবে স্পিনাররা। চার ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল মাত্র ৪০ রান। দক্ষিণ আফ্রিকার সব কয়টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ৭৯ রানে। আর মাত্র তিনদিনেই খেলা শেষ হওয়ার পর মাঠ ছাড়তে হয়েছে ১২৪ রানের বড় ব্যবধানের হার নিয়ে। নাগপুরের এই পিচকে টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে ‘কঠিন’ উইকেট বলে মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

 


আর ম্যাচ রেফারি জেফ ক্রো নাগপুরের পিচকে ‘বাজে’ বলে রায় দিয়েছেন। এক বিবৃতির মাধ্যমে আইসিসি বলেছে, ‘পিচের পারফরম্যান্স নিয়ে ম্যাচ কর্মকর্তাদের উদ্বেগের কথা জানিয়ে আইসিসিতে প্রতিবেদন জমা দিয়েছেন জেফ ক্রো।’ এই প্রতিবেদন পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও। এখন আগামী ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে হবে বিসিসিআইকে। এরপর চূড়ান্ত রায় দেবেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস ও প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মুডগাল।