বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-দিলশানে ব্যাটে আয়েশী জয় চট্টগ্রামের

news-image

স্পোর্টস ডেস্ক : দলের বিদায় ঘণ্টা বাজিয়ে অবশেষে ঝড় ওঠলো তিলকারত্নে দিলশানের ব্যাটে। ঝড়টা গেছে বিপিএলের চলতি আসরে শুরু থেকেই ধুঁকতে থাকা সিলেট সুপার স্টারসের ওপর দিয়ে।

 

 

একতরফা ম্যাচে সিলেটকে ১০ উইকেটে হারিয়ে বড় জয় পেয়েছে চট্টগ্রাম ভাইকিংস। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকদের দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ও দিলশানের উদ্বোধনী জুটিতেই জয় তুলে নেয় তারা।

 


তামিম ও দিলশান দুজনেই ৬৭ করে রান করেন। এ রান করতে তামিম খেলেন ৫১ বল আর দিলশান খেলেন ৪৬ বল। ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌছে যায় তারা।

 


এর আগে বিপিএলের তৃতীয় আসরের চট্টগ্রাম পর্বে টসে হেরে ব্যাট করতে নামে সিলেট সুপার স্টারস। এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাটিং ঝলক দেখিয়েছেন পাকিস্তানী তারকা শহীদ আফ্রিদি।

 


সিলেট সুপারস্টার্সের হয়ে মাঠে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ‘বুম বুম’ খ্যাত এই তারকা। স্বদেশী মোহাম্মদ আমিরের বলে বোল্ড আউট হওয়ার আগে আফ্রিদি করেছেন ৪১ বলে ৬২ রান। আর আফ্রিদির এই ইনিংসের ওপর ভর করে চিটাগাং ভাইকিংসকে জয়ের জন্য ১৪০ রানের টার্গেট দেয় সিলেট।

 


অবশ্য শুরুটা মোটেই ভালো হয়নি মুশফিকুর রহিমের দলের। মাত্র ২২ রান তুলতেই ৪ উইকটে হারিয়েছে সুপার স্টারসরা। দলের এই অবস্থায় আফ্রিদিকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। কিন্তু ব্যক্তিগত ৯ রানে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি। এতে দলীয় ৪৬ রানে পঞ্চম উইকেট হারায় সিলেট।

 


শেষ পর্যন্ত আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকট হারিয়ে ১৩৯ রানের পুঁজি পেয়েছে সিলেট সুপার স্টারস।

 


চিটাগাং ভাইকিংসের পক্ষে ২টি উইকেট নিয়েছেন শফিউল ইসলাম। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আমির, বিলাওয়াল, তাসকিন ও আসিফ।