লা লিগার বর্ষসেরা লিওনেল মেসি
একের পর এক অ্যাওয়ার্ড জয় করেই যাচ্ছেন লিওনেল মেসি। গত মৌসুমটা সোনায় মোড়ানো ছিল মেসির জন্য। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যে কারণে একের পর এক সম্মাননা পাচ্ছেন তিনি। সোমবার এই ক্ষুদে জাদুকরকে স্প্যানিশ লা লিগার ২০১৪-১৫ মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়।
গত সপ্তাহে গোল ডটকম’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করা লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে স্প্যানিশ লিগের সেরা ফরোয়ার্ডও নির্বাচিত হন।
অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা অ্যান্টনি গ্রিজম্যান এবং বার্সেলোনার অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে পেছনে ফেলে লা লিগার বর্ষসেরা মিডফিল্ডারের অ্যাওয়ার্ড জয় করেন রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ।
এদিকে বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকে এবং আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দিকে হারিয়ে লা লিগার বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কার জয় করেছেন রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।
গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতানোর লুইস এনরিকে কোনো চমক ছাড়াই লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বার্সেলোনার কোস্টারিকান তারকা ক্লদিও ব্রাভো।
লুইস সুয়ারেজ ও হামেস রদ্রিগেজকে হারিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার লা লিগার বর্ষসেরা দক্ষিণ আমেরিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
লা লিগার সেরা খেলোয়াড় ও সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিততে না পারলেও রোনালদোর সান্ত্বনা হলো তিনি দর্শকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।











