সিদ্ধান্তহীনতায় ভুগছেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক : ব্যবসায়িক মন্দা দূর করতে নির্মাণ ব্যয় হ্রাসের উদ্যোগ নিতে চলেছে চলচ্চিত্রে বিনিয়োগকারিদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি। যার অংশ হিসেবে সম্প্রতি শিল্পীদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ, দৈনিক ভাতা প্রথা বন্ধ ও শুটিংয়ের কলটাইম পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে দুই দফায় শিল্পী সমিতির সঙ্গে মিটিংও করেছে প্রযোজক সমিতির নেতারা। কিন্তু শুরু থেকেই এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন শিল্পী সমিতির সভাপতি শাকিব খান সহ অন্যান্য নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রগ্রাহক সমিতি এবং ফিল্ম এডিটরস গিল্ড এর যৌথ উদ্যোগে ব্যবসায়িক মন্দাবস্থা কাটাতে চলচ্চিত্রের নির্মাণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম দফায় শিল্পীদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ, দৈনিক ভাতা প্রথা বন্ধ ও শুটিংয়ের কলটাইমে পরিবর্তনে আনা হচ্ছে। এতে করে শীর্ষ নায়ক শাকিব খানের পারিশ্রমিক কমে দাঁড়াবে ৮ লাখ টাকা বলেও অনেকে দাবি করছেন। এছাড়া পারিশ্রমিকের বাইরে চলচ্চিত্র শিল্পীরা প্রযোজকের কাছ শুটিং চলাকালিন দৈনিক ভাতা হিসেবে যে টাকা পেতেন তাও আর পাবেন না এবং শুটিংয়ের কল টাই সকাল ১০টায় থাকলে শিল্পীদের উপস্থিত থাকতে হবে সকাল ৯টায়। এর ফলে ১০টার মধ্যে মেকাপ শেষ করে দৃশ্য ধারণের জন্য ক্যামেরার সামনে হাজির থাকতে হবে। নতুন এ নিয়মে মূলত ৯ ঘণ্টা শিফটে কাজ করতে হবে শিল্পীদের।
এদিকে গতকাল শনিবার এফডিসিতে শিল্পী সমিতির সঙ্গে নতুন নিয়ম প্রসঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক ডাকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ সমমনা অন্যান্য সংগঠনগুলো। এতে প্রযোজক ও পরিচালক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, এ জে রানা, কাজী হায়াৎ, নাসিরউদ্দিন দিলু প্রমুখ। এছাড়া শিল্পী সমিতির পক্ষে ছিলেন শাকিব খান, রুবেল, ওমর সানি, অমিত হাসান, নতুন, আলীরাজ, সাইমন, নিরবসহ আরও অনেকে।
তবে কোন সিন্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। এর পরপরই শিল্পী সমিতির সভাপতি শাকিব খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মিটিংয়ে শিল্পী সমিতির অনেক সদস্যই উপস্থিত ছিলেন না। তাই সবার সঙ্গে কথা বলে নতুন নিয়ম প্রসঙ্গে সিদ্ধান্ত জানানো হবে।’ তবে কবে নাগাদ শিল্পী সমিতি এ বিষয়ে সিদ্ধান্ত নিবে তা জানাননি ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক।
শাকিব খানের বক্তব্যের বিষয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি ওমর সানির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা ঠিক শিল্পী সমিতির সকল সদস্যের সঙ্গে এ বিষয়ে বসা হয়নি। তবে কোন বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে জনগনের পক্ষ থেকে মন্ত্রীরা সিদ্ধান্ত নেন। তাই এক্ষেত্রে শাকিব খানের সিদ্ধান্তকেই কাউন্ট করতে হবে।’
নিজের বক্তব্যে প্রতি যুক্তি দেখিয়ে ওমর সানি আরো বলেন, ‘পাঁচ হাজার মানুষকে এক করা সম্ভব নয়। তবে বিষয়টি সবার জানার অধিকার আছে। এক্ষেত্রে সবার মধ্যে বন্ধন দৃঢ় তৈরি করতে হবে।’
অন্যদিকে প্রযোজক সমিতির সঙ্গে পারিশ্রমিক হ্রাস কিংবা সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণের বিষয়ে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান তা অস্বীকার করে বলেন, ‘প্রযোজক সমিতি আমাদের সঙ্গে এ ধরনের কোনো আলাপ করেনি। কেবল দৈনিক ভাতা ও কলটাইম নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া পারিশ্রমিক হ্রাসের বিষয়টি শিল্পীদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে বেঁধে দেওয়ার কিছু নেই। তাই এ ধরনের বিষয় নিয়ে আলোচনার প্রশ্নই আসে না। ’
তবে শুটিংয়ে শিল্পীদের কলটাইম প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘নতুন নিয়ম অনুযায়ী শুটিংয়ের কল টাইম সকাল ১০টায় হলে, শিল্পীদের সেখানে উপস্থিত হতে হবে সকাল ৯টায়। তার মানে ৯ ঘণ্টায় এক শিফট হচ্ছে। কিন্তু এফডিসিতে কাজ করার ক্ষেত্রে ৮ ঘণ্টায় এক শিফট হিসেব করা হয়। নতুন নিয়ম চালু করলে, প্রযোজকদের দুই দিনের ভাড়া গুণতে হবে। তাই বিষয়টি নিয়ে এফডিসি কর্তৃপক্ষের সঙ্গে প্রযোজক সমিতির কথা বলা প্রয়োজন।’
নতুন নিয়মের কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষত সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণের বিষয়টি প্রথম সারির তারকারা মেনে নেবেন না বলেই সবার ধারণা। বরং যারা নতুন এবং দুস্থ তারাই ক্ষতিগ্রস্থ হবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া দৈনিক ভাতা ও শুটিংয়ে কলটাইমের বিষয়টিও অনেক শিল্পীকে নিরাশ করেছে।











