ব্যালন ডি অরের চূড়ান্ত লড়াইয়ে তারা
স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি অরের চূড়ান্ত লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমারঘোষিত হয়েছে শেষ তিনের নাম। অনুমিত ভাবেই আছেন মেসি আর রোনালদো। সঙ্গে যোগ দিয়েছেন বার্সার আরেক তারকা নেইমার জুনিয়র। প্রতিযোগিতা এবার চার-তিন আর শূন্যের। চার থেকে পাঁচ নাকি তিন থেকে চার? নাকি সব হিসেব পাল্টে প্রথমবারের মতো ইউরোপ সেরার পুরস্কার পেতে চলেছেন নেইমার। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ১১ জানুয়ারি পর্যন্ত।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার জানায়, ব্যালন ডি’অর-২০১৫ মহারণে চারবারের বিজয়ী মেসি ও তিনবারের শিরোপাধারী রোনালদোর সঙ্গে লড়াইয়ে থাকছেন নেইমার। রিয়াল মাদ্রিদের প্রাণভোমরার সঙ্গে বার্সার দুই মহাতারকার লড়াই হবে এবার।
গত সাত বছর বিশ্বসেরা ফুটবলের লড়াই সীমাবদ্ধ ছিল মেসি-রোনালদোর মধ্যেই। এবার নব সংযোজন সাম্বার দেশের নেইমার। গত মৌসুমে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো করেছেন ৪৫টি গোল। মেসি ৪৪টি আর নেইমার ৪১টি। বিশ্বের প্রতিটি জাতীয় দলের কোচ ও ক্যাপ্টেন ছাড়াও ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন ফ্রান্স ফুটবলের নির্বাচিত সাংবাদিকরা।
ব্যালন ডি’অরের জন্য মনোনীত তিন কোচ হলেন -পেপ গার্দিওলা (বায়ার্ন মিউনিখ), লুইস এনরিকে (বার্সেলোনা) ও জর্জ স্যাম্পোলি (চিলি)। নারীদের মধ্যে সেরা বর্ষসেরা কোচের জন্য নির্বাচিত তিনজন হলেন জিল এলিস ( মার্কিন যুক্তরাষ্ট্র), মার্ক স্যাম্পসন (ইংল্যান্ড) ও নোরিও সাসাকি (জাপান)।
এবার মহিলাদের মধ্যে ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র), আয়া নিয়ামা (জাপান) ও সেলিয়া স্যাসিক (জার্মানি)। বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের জন্য এবার মনোনয়ন পেয়েছেন আলেসান্দ্রো ফ্লোরেনজি (রোমা বনাম বার্সেলোনা), মেসি (বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো বিলবাও) ও ওয়েন্ডেল লিরা (গোইয়ানেসিয়া বনাম অ্যাতলেটিকো-জিও)।











