বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ে বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : দু’দিন বিরতি দিয়ে সোমবার ফের শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) খেলা। আসরের দ্বিতীয় পর্ব এটি। এই পর্বের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 


দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ভাইকিংস ও বরিশাল বুলস। দুপুর ২টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতেছে ভাইকিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।

 


বরিশাল বুলসের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন ইভিন লুইস ও রনি তালুকদার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাইন্ডারি মেরে উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন লুইস। কিন্তু এরপরই ধ্বস নেমেছে বরিশালের ব্যাটিংয়ে। ওই ওভারের তৃতীয় বলেই লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন চট্টগ্রাম ভাইকিংসের শ্রীলঙ্কার তারকা তিলকরত্নে দিলশান।

 

এরপর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রনি তালুকদারকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। আর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাব্বির রহমানকেও এলবিডব্লিউ করেছেন পেসার শফিউল ইসলাম। ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বরিশাল বুলস।

 


এ রিপোর্ট লেখা অব্দি দলটির সংগ্রহ ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮ রান। 

 

উল্লেখ্য, বিপিএলের প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওই পর্বে চট্টগ্রাম ভাইকিংস ৪ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে। এক জয়ের সুবাদে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমস্থানে রয়েছেন তামিমরা। অন্যদিকে, বরিশাল বুলসের অবস্থান ঠিক চট্টগ্রামের ওপরেই; চতুর্থস্থানে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন এই দলটি ৩ ম্যাচ খেলে ২টিতে জয়ী এবং একটি হেরেছে; অর্জন করেছে ৪ পয়েন্ট।