শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের বক্তব্যে দুঃখিত এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিমান ভূ-পাতিত করার পর রাশিয়ার প্রতিক্রিয়ার জবাবে আগুন নিয়ে খেলবেন না বলে হুঁশিয়ারি দেওয়ার পরদিন সুর নামালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। রুশ বিমান ভূ-পাতিত করার ঘটনায় দুঃখপ্রকাশ করে শনিবার তিনি বলেছেন, এটা ঘটুক তা আমরা চাইনি। কিন্তু এটা ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমি আশা করি। সোমবার প্যারিসে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন বলে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। জরুরি না হলে রাশিয়া সফর থেকে বিরত থাকতে তুরস্ক সরকার নাগরিকদের সতর্ক করার কয়েক ঘণ্টার মাথায় রুশ বিমান ভূ-পাতিতের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন দেশটির প্রেসিডেন্ট।

মস্কোয় দূতাবাসের সামনে বিক্ষোভ এবং দেশটিতে নাগরিকরা সমস্যার মুখোমুখি হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ভ্রমণ বিলম্বিত করার পরামর্শ দিয়েছে তারা। রাশিয়া শুক্রবার তুরস্কের সঙ্গে ভিসাবিহীন ভ্রমণ ব্যবস্থা স্থগিত করার পাশাপাশি বিস্তৃত পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক চাইছেন এরদোয়ান। তবে  তার জন্য আগে তুরস্কের ক্ষমাপ্রার্থনার শর্ত দিয়েছেন পুতিন।

শনিবারও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে দুঃখপ্রকাশের আগে এরদোয়ান নিজেদের পদক্ষেপের পক্ষে যুক্তি দেওয়ার পাশাপাশি সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের সমর্থনে রাশিয়ার অভিযানের সমালোচনা করেছেন। তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসিরে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। গত প্রায় পাঁচ বছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে থাকা আসাদ সরকারকে সহযোগিতার লক্ষ্যে ৩০ অক্টোবর সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরীয় বাহিনীর কাছ থেকে বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণে নেওয়া জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বছরখানেক ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সিরিয়ায় বিমান হামলা চালিয়ে এলেও রুশ অভিযানের সমালোচনা করে তারা।