বালিকার ভেজা চোখ
ঘড়ি ধরে সকাল পাচটা কুড়ি মিনিটে আমাকে ডেকে দেয়ার কথা। একের পর এক অমানবিকভাবে ফোন দেয়া হবে ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত। যে মেয়েটি ফোন দেবে তার অসীম ধৈর্য্য। কিছু মেয়ে পাহাড় প্রমান ধৈর্য্য নিয়ে পৃথিবীতে আসে। আমাকে যে ফোন দেবে তার ধৈর্য্য পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামার সমান। ভাস্কো-দা-গামার ভালো ধৈর্য্য ছিল। তিনি ধৈর্য্য ধরে জাহাজ চালাতে চালাতে একদিন কারো অনুমতির তোয়াক্কা না করেই ভারতীয় উপমহাদেশে ঢুকে পড়েছিলেন ফট করে। এমনকি ভারতীয় উপমহাদেশে ঢোকার পরও তার ধৈর্য্য ঠিক ছিল। আমার ধারণা নেলি এই ক্ষেত্রে গামাজীর চেয়েও এগিয়ে। ক্লিয়ারলি অ্যাহেড।
ফোন দেয়ার উদ্দেশ্যটা বলি। উদ্দেশ্য কিছুই না, ভোরের শিশির দেখা। দূষিত নগর ঢাকায় ভোরের শিশির দেখা যায় এই কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়না। আর যদি দেখা যায়ও তা দেখার কোন প্রয়োজন আমার নেই। ঘুম মাটি করে নিজেকে বিরাট প্রকৃ্তি প্রেমিক প্রমানের জন্য শিশির দেখাটা এক ধরনের পাগলামি ছাড়া কিছু না। এই ধরনের পাগলামি কবি সাহিত্যিকরা করে গেছেন। কবি সাহিত্যিকদের মাথায় অতি সামান্য পরিমানে ছিটও থাকে। এই ছিট সব সৃষ্টিশীল মানুষদেরই থাকে। আমি সৃষ্টিশীল কেউ না। সুতরাং আমার ছিট থাকা বাধ্যতামূলক না। আমার কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমানোই শ্রেয়।
এই মেয়েকে মুখ ফুটে এগুলো বলাও যায় না। তার সাথে তাল দিয়ে যেতে হয়। মিথ্যে করে বলতে হয়, ‘কি বললে শিশির না দেখে ঘুমিয়ে থাকব ! অসম্ভব ! আমাকে দেখতেই হবে। শিশিরের গুরুত্ব তুমি বুঝবেনা। শিশির হচ্ছে ডিউ। জীবন যে একটা শিশিরের বিন্দুর মতই ক্ষনস্থায়ী এটা জান? ম্যান ইজ মরটাল। কথাটার মানে ধরতে পেরেছ? খুবই তাৎপর্যপূর্ণ কথা। জ্ঞানীগুনীদের কথা। এইসব কথা বলতে হলে রুটিন করে শিশির দেখা মাষ্ট।’
তখনি সে বলবে, আচ্ছা আমি তোমাকে প্রতিদিন সকালে ডেকে দেব।
আমিও মুখের উপর বলে ফেলব, অবশ্যই ডেকে দেবে। শিশির দেখা এবং শিশির দেখতে সাহায্য করা দুটির মাহত্ব্যই সমান।
বলেই ধরা খেয়ে যাব। এই মেয়ে অসীম ধৈর্য্য নিয়ে প্রতিদিন সকালে একের পর এক ফোন দিতে থাকবে। ওহ আচ্ছা, মেয়েটার নাম বলা হয়নি। এর নাম নেলি। সাধারণ মেয়ে। চেহারা গোল গাল, মাথায় লম্বা চুল আছে, ঠোটে পাতলা করে লিপষ্টিক দেয় এই-ই।
ঘুম ভেঙ্গেছে সকাল দশটায়। বাইরে প্রচন্ড রোদ। ঢাকা শহরে ধূলো উড়াউড়ি শুরু হয়ে গেছে। জানালা দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। মিথ্যা বললাম। আমার জানালা দিয়ে কোন আকাশ দেখা যায় না। ঢাকা শহরের অধিকাংশ পুরোনো বাড়ির জানালা দিয়েই আর আকাশ দেখা যায় না, বড় বড় অট্টালিকা দেখা যায়। এসব অট্টালিকার সাইজ দেখে আকাশটা অতি সামান্য লজ্জিত।
গুলশানের ওইখানে নিকুঞ্জ নামে একটা জায়গা আছে। সেখানে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছিলাম গতকাল – কল সেন্টারের জব। আমাকে জয়েন করতে বলা হয়েছে। মধ্যরাতে ডিউটি। আমি সিন্ধান্ত নিয়েছি জয়েন করব না। এইসব চাকরিতে জয়েন করার কিছু নেই। কানে হেডফোন লাগিয়ে চাকরি করা সম্ভব না। হেড ফোন গান শোনার জিনিস। এই জিনিস দিয়ে চাকরি কিভাবে সম্ভব? হাউ?
নেলিকে জানাতেই সে আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নেলির ধারণা, পুরোনো ঢাকা থেকে গুলশানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসাটা তো সহজ কথা না, সবাই পারেনা। আমি পেরেছি কারণ আমি রেয়ার প্রজাতীর এক্সেপশনাল ছেলে। ভেরী ট্যালেন্টেড।
দুদিন ধরে প্রচন্ড রোদ। প্রকৃ্তি হঠাৎ করে তেতে উঠেছে। কেন তেতে উঠলো তা কি কেউ জানে? জানার কথা না। নিজেদের অপরাধের কথা কেউ জানার চেষ্টা করেনা। পৃথিবী থেকে সবুজের চিন্হ যেভাবে মুছে ফেলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমান বাড়ানো হচ্ছে তাতে পৃথিবী তেতে উঠারই কথা। উগ্র আবহাওয়ার মধ্যে মানুষ কঠিন সংগ্রাম করে বেচে থাকবে, ঘেমে ঘেমে স্যান্ডো গেঞ্জি ভিজিয়ে চুপচুপে করে ফেলবে, ঘামের দুর্গন্ধ দূর করার জন্য নানান ধরনের পারফিউম ব্যবহার করবে, রাস্তায় দাঁড়িয়ে পচা পানি দিয়ে লেবুর শরবত খাবে তবু সচেতন হবেনা, আগ্রহ করে গাছপালা কাটতেই থাকবে।
ওহ আজ সকালে একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম, নাহ থাক। দুঃস্বপ্ন বলে বেড়ানোর জিনিস না। কষ্ট, হতাশা, দুঃস্বপ্ন এগুলোর মধ্যে সৃষ্টি লুকিয়ে থাকে। এগুলো বলে বেড়ালে সেই সৃষ্টিকে গলা টিপে হত্যা করা হয়। রবীন্দ্রনাথের প্রচুর কষ্ট ছিল বলে আমার ধারণা। তিনি কেদে বালিশ ভিজিয়ে ফেলতেন কিন্তু কাউকে বলতেন না। সেই ভেজা বালিশ নিয়ে কবিতা লিখে ফেলতেন। তবে চালাকি করে কবিতার নাম দিতেন ‘বালিকার ভেজা চোখ’।
দশটা বাজে ঘুম ভাঙ্গার পর মোবাইলটা চেক করে দেখলাম। নেলির ঠিক পাচটা কুড়ি মিনিটে ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেয়ার কথা ছিল। আজ আমার মোবাইলে কোন ফোন আসেনি। নেলি ফোন দেয়নি। মেয়েটার হয়তো মন খারাপ। কিংবা হয়তো ঢাকার শহরের উগ্র রোদের মত নেলির মনেও আজ আলোকিত পরিবর্তন। মনের খুব ভালো অবস্থা এবং মনের খুব খারাপ অবস্থা – এই দুই সময়ে মানুষ রুটিন ওয়ারকগুলো ভুলে যায়। আজ হয়তো নেলির এমন কোন দিন।











