বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ্পা এত ব্যস্ত যে মাঝরাতের আগে তার দেখা পাই না

news-image

চাঁদনী। নৃত্যশিল্পী ও অভিনেত্রী। মাছরাঙা টিভিতে আজ প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক নাটক 'হাউসওয়াইভস'। আকরাম খান পরিচালিত এ নাটকসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি কাজের শুরুতে কি ভেবেছিলেন, 'হাউসওয়াইভস' নাটকের তামান্না চরিত্রটি আপনাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে?
গল্প পড়ে ভালো লেগেছিল। নির্মাতা আকরাম খান গুছিয়ে কাজ করেন। সে কারণে 'হাউসওয়াইভস' গৎবাঁধা নাটক হবে না_ সেটুকু বিশ্বাস ছিল। এজন্যই নেতিবাচক চরিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। 


ভারতীয় নাটকের আগ্রাসনে দেশি নাটকগুলো দর্শক হারাচ্ছে কি?


ভারতের প্রায় সব নাটক পারিবারিক প্রতিহিংসা আর নানা ষড়যন্ত্রের গল্প নিয়ে নির্মিত। যার সঙ্গে বাস্তব জীবনধারার সংযোগ নেই। গোলমেলে ঘটনার শেকড়-বাকড় দিয়ে এর কাহিনীর বিস্তার। অথচ এসব নাটকই দর্শক দেখছেন। এদেশেও ভালো নাটক নির্মিত হচ্ছে। কিন্তু গৎবাঁধা নাটকের ভিড়ে তা দর্শকের আড়ালে থেকে যাচ্ছে। 


মানসম্পন্ন নাটক সংখ্যা কমে যাওয়ার কারণ কী বলে মনে করেন?


নাটক রচয়িতা, নির্মাতা থেকে শুরু করে অভিনয় শিল্পী, সবার মাঝেই কেমন একটা তাড়াহুড়া দেখা যায়। একটি কাজ কতটা ভালো করা যায়, তা নিয়ে অনেকেই ভাবেন না। একটা কাজ শেষ করে আরেকটা কখন শুরু করবেন_ সারাক্ষণ যেন এই ভাবনার ভেতরে থাকেন তারা। এ কারণেই হয়তো মানসম্পন্ন নাটকের এত অভাব। 


অভিনয়ে আজকাল কম দেখা যায় কেন?
আগেও অনেক বেশি অভিনয় করেছি_ এমন নয়। পিতৃতুল্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ আমাকে বলেছিলেন, কাজের সংখ্যা বাড়িয়ে লাভ কী, যদি না মানুষ তা মনে রাখে। মানুষ মনে রাখবে এমন কাজ একটা-দুটো করতে পারলেই যথেষ্ট। আমি তার কথাটাই মেনে চলছি।

 
নাচ নিয়ে আপনার ভাবনা কী?
সব সময় লোকজ ঘরানার নাচকে প্রাধান্য দিয়েছি। আজ কমলাপুর আন্তর্জাতিক বৌদ্ধমন্দিরে নৃত্য পরিবেশন করব। 
চলচ্চিত্রে আবার দেখা যাবে?
চলচ্চিত্রের প্রতি লোভ একটু বেশি। কিন্তু ভালো কাজের প্রস্তাব না পেলে, কী করব! সুযোগ পেলে অবশ্যই অভিনয় করব।


এবার ঘর-সংসারের খবর বলুন
সংসার জীবন ভালোই কাটছে। তবে বাপ্পা মজুমদার এত ব্যস্ত যে মাঝরাতের আগে তার দেখা পাই না।