বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিতে বন্দুকধারীর হাতে ১৭০ জন জিম্মি, নিহত ৩

news-image

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে অন্তত ১৭০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে অন্তত ৩ জিম্মিকে হত্যা করা হয়েছে। পুলিশ পুরো হোটেল ঘিরে রেখেছে। হোটেল কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

মালির রাজধানী বামাকোর র‍্যাডিসন ব্লু নামের একটি হোটেলে ১৭০ জনকে জিম্মি করেছে দুজন বন্দুকধারী। জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন। হোটেল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করেই হোটেলে ঢুকে ১৪০ জন অতিথি ও ৩০ জন কর্মীকে জিম্মি করে দুজন বন্দুকধারী।

বার্তা সংস্থা রয়টার্স মালির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, দুজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি ছোড়া শুরু করে। কোনো কোনো জিম্মিকে অবশ্য বন্দুকধারীরাই ছেড়ে দিয়েছেন। বন্দীদশা থেকে মুক্তি পাওয়া চীনের একজন নাগরিক জানান, চীনের অন্তত সাতজন নাগরিককে জিম্মি করা হয়েছে।

মালির নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩ জিম্মির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে জিম্মিদশা থেকে দুজন নারীকে মুক্ত করেছে।

গত আগস্টে দেশটিতে সন্দেহভাজন ইসলামী বন্দুকধারীদের গুলিতে জাতিসংঘের দুজন কর্মীসহ অন্তত ১৩ জন নিহত হন। কট্টরপন্থীদের উত্থান ঠেকাতে ফ্রান্স তার সাবেক উপনিবেশ মালিতে ২০১৩ সালে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের বিরুদ্ধে অভিযান চালায়।