ফ্রান্সে রাসায়নিক হামলার আশঙ্কা
প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ পুলিশি অভিযানে নিহত হয়েছেন। বুধবার ভোরে স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামের কাছের সাঁ দানি এলাকার একটি অ্যাপার্টমেন্টে ওই অভিযানের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। ফ্রান্সের প্রসিকিউটরের দপ্তর গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। ফ্রান্সে এবার রাসায়নিক বা জৈব বোমার হামলা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। এদিকে, এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার হুমকি দিয়েছে আইএস। খবর এএফপি, রয়টার্স ও গার্ডিয়ানের।
প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদের সন্ধানে গত বুধবার ভোরে প্যারিসের সাঁ দেনি এলাকার একটি অ্যাপার্টমেন্টে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। সে সময় গুলিতে এক জঙ্গি নিহত হয় এবং এক নারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। নিহত জঙ্গির পরিচয় নির্ধারণে কাজ করে ফরাসি ফরেনসিক কর্তৃপক্ষ। গতকাল ফ্রান্সের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, 'আবদেলহামিদ আবাউদকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। ওই অভিযানে তিনি মারা গেছেন।' বেলজিয়াম বংশোদ্ভূত এই জঙ্গিকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কমান্ডার বলে অভিহিত করেছে পশ্চিমা মিডিয়াগুলো; প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী বলেও জানিয়েছে তারা।
ফরেনসিক বিশেষজ্ঞরা হাতের ছাপ মিলিয়ে আবাউদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।
ফ্রান্সে রাসায়নিক হামলার আশঙ্কা : জরুরি অবস্থা বৃদ্ধির বিষয়ে পার্লামেন্টের গতকালের বিতর্কে যোগ দিয়ে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেন, ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে। তিনি বলেন, কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না। আমাদের মনে রাখতে হবে, রাসায়নিক বা জৈব বোমা হামলাও হতে পারে। তিনি দাবি করেন, ইরাক ও সিরিয়ায় ফ্রান্স যা করছে, তার কারণে প্যারিসে হামলা হয়নি; বরং সন্ত্রাসীরা তাদের নিজস্ব চরিত্রের কারণে এ হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই হামলায় যেটা অভিনব ছিল তা হলো, হামলা ও হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। মানুষ হত্যা করার সব ভয়ঙ্কর পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে।
জরুরি অবস্থা তিন মাস স্থায়ী হবে : শুক্রবার রাতের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর হামলার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ফঁদ্ধাসোয়া ওলাঁদ নির্বাহী আদেশে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন। গতকাল পার্লামেন্টে বিতর্কের পর আইনপ্রণেতারা জরুরি অবস্থার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়াতে সম্মতি দেন। এই জরুরি অবস্থার আওতায় সন্ত্রাসবাদ উস্কে দেয় এমন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে সরকার।
নিউইয়র্কে হামলার হুমকি আইএসের : এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত শহর নিউইয়র্কে হামলার হুমকি দিয়ে একটি ভিডিওবার্তা ছেড়েছে আইএস, যাতে নিউইয়র্কের বিভিন্ন দৃশ্য দেখানোর পর এক জঙ্গিকে ভিড়ের মধ্যে গিয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর চিত্র দেখানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে সজাগ রয়েছে।
প্যারিসে গত শুক্রবার নৃশংস বর্বরতার পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ আইএসবিরোধী অভিযানে অংশ নেওয়া দেশগুলোতে হামলার হুমকি দিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি। তার ক'দিন পরই একটি ভিডিওবার্তা প্রকাশ করে তারা, যাতে নিউইয়র্কের বিখ্যাত হলুদ ট্যাক্সিক্যাবের পাশাপাশি টাইমস স্কয়ার ও ম্যানহাটনের হেরাল্ড স্কয়ারের দৃশ্য দেখানো হয়।











