শিরোপায় চোখ মুশফিকের
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক কোচ শেন জার্গেনসেনের সঙ্গে মুশফিক। তবে জার্গেনসেন এবার মুশফিকের প্রতিপক্ষ। তিনি দায়িত্ব পালন করবেন রংপুর রাইডার্সের কোচ হিসেবে।
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) প্রথম দুই আসরে খেললেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। বিপিএলের প্রথম আসরে দূরন্ত রাজশাহীর হয়ে এবং দ্বিতীয় আসরে খেলেছিলেন সিলেট রয়্যালসের আইকন ক্রিকেটার হিসেবে।
প্রায় দুই বছর পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া টি২০ টুর্নামেন্টের তৃতীয় আসর। এবারও সিলেটের আইকন মুশফিক। এবার তার লক্ষ্য, সিলেট স্টারসকে শিরোপা এনে দেওয়া। একই সঙ্গে লক্ষ্য, বিপিএলে নিজের অধরা সেই শিরোপার বন্ধ্যাত ঘোচানো।
বিপিএলের দ্বিতীয় আসরে ৪৪০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন মুশফিক। দুই বিপিএল মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি (৬৭৪) রান এই উইকেটরক্ষ ব্যাটসম্যানের। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও মুশফিকের চেয়ে বেশি রান কেবল অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের (৭৫৬)। তবে প্রথম দুই আসরে একবারও ফাইনাল খেলতে পারেনি মুশফিকের দল।
এবার তাই বিপিএলের তৃতীয় আসরে জোড়া লক্ষ্য এই উইকেটরক্ষ ব্যাটসম্যানের। বুধবার মিরপুর একাডেমীর মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নিজের এবং দলের লক্ষ্যের কথা। বিপিএলের দুটি আসরে খেললেও শিরোপা ধরা তো দুরে থাক, একবারও ফাইনাল খেলা হয়নি মুশফিকের। তবে এবার সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি।
এ প্রসঙ্গে সিলেট স্টারসের অধিনায়ক মুশফিক বলেন, ‘সিলেটের সর্বশেষ যে অপূর্ণতা ছিল, সেটা যেন এবার ঘোচাতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার একটা রেসে যেন আমরা থাকতে পারি। সবারই চেষ্টা থাকবে। তবে এটার জন্য অনেক ভাগ্য লাগে। তাছাড়া মাঠেও ভালো খেলতে হয়। তো আমরা সেই চেষ্টা করব।’
গতবার বিপিএলে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক ছিলেন। এ বিষয়ে মুশফিক বলেন, ‘সবারই তো একটা ব্যক্তিগত লক্ষ্য থাকে। এটাই তো হওয়া স্বাভাবিক। তবে আমরা দল হিসেবে খেলতে চাই। আর ব্যক্তিগত লক্ষ্য সবারই থাকে। সবাই চায় সর্বোচ্চ রান বা সর্বোচ্চ উইকেট নিতে। তাই আমি ষ্টেষ্টা করব আমার দল যেন সেরা জায়গায় থেকে শেষ করতে পারে। সেখানে যেন আমার অবদান সবচেয়ে বেশি থাকে।’
বিপিএলের প্রাথমিক পর্বে দলের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে আমরা যেন সেরা দুইয়ে থাকতে পারি। কারণ ওইখানে একটা ম্যাচে স্লিপ হলেও আরেকটা সুযোগ থাকে। তাই আমাদের লক্ষ্য গ্রপ পর্ব যেন সেরা দুইয়ে থেকে শেষ করতে পারি।’
প্লেয়ার্স বাই চয়েজে সিলেটের মালিক মুশফিককে লটারিতে পাওয়ার পর বলেছিলেন, মুশফিককেই টার্গেট করেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে পেয়েছি। আর এই বিষয়টিকে মুশফিকও দেখছেন একটু অন্যভাবে।
লটারির এই বিষয় প্রসঙ্গে মুশফিক বলেন, ‘এটা অনেক বড় সম্মানের বিষয়। গর্ব করার মতো। আর ব্যক্তিগতভাবে আমিও চেয়েছিলাম এই ফ্রাঞ্চাইজির মালিকানায় যে দল থাকবে (প্রথম দুই আসরে ছিল বরিশাল বার্নার্স), সে দলে খেলার। তো শেষ পর্যন্ত সেটা পূরণ হয়েছে। তাই এখন চেষ্টা করব, তিনি যে কারণে আমাকে দলে নিয়েছেন, সেটা যেন মাঠে যথার্থ প্রমাণ করার জন্য সর্বাত্বক চেষ্টা করতে পারি।’











