বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়শীর ‘আমার পরান যাহা চায়’

news-image

সোমবার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ হচ্ছে পড়শীর রবীন্দ্রসঙ্গীত 'আমার পরান যাহা চায়'-এর ভিডিও। গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন সন্ধি। আর এর ভিডিও পরিচালনা করেছেন রম্য খান। মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন শিল্পী নিজেই। এতে মডেল হিসেবে আরও আছেন তৌহিদুল ইসলাম আবির। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ধামরাইয়ের জমিদারবাড়িতে। পড়শী বলেন, 'ছোটবেলা থেকে সঙ্গীতচর্চা করছি। গানের হাতেখড়ি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তবে এখনও পর্যন্ত ভক্ত-শ্রোতাদের কোনো রবীন্দ্রসঙ্গীত উপহার দেওয়া হয়নি। তা ছাড়া রবীন্দ্রসঙ্গীত 'আমার পরান যাহা চায়' পছন্দের একটি গান। সবকিছু ভেবেই গানটি কণ্ঠে তুলেছি। এর ভিডিও নির্মাণ করা হয়েছে, যা শিগগিরই দর্শকরা দেখতে পাবেন।' তিনি আরও জানান, গানটি পরবর্তী সময়ে আমার চতুর্থ একক অ্যালবামে রাখা হবে। এদিকে নতুন একক অ্যালবাম নিয়ে খুব শিগগিরই শ্রোতামহলে হাজির হচ্ছেন পড়শী। আগামী মাস থেকে এর রেকর্ডিং শুরু হবে।