খোলা আকাশের নিচে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পের পর বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে। বিশেষ করে ঝুঁকির মুখে রয়েছে শিশুরা। বিভিন্ন সংস্থার ত্রাণকর্মীরা সতর্ক করে বলছেন, এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে তাঁবু ও কম্বল প্রয়োজন। তীব্র ঠাণ্ডার কারণে বিশেষ করে শিশুরা মৃত্যুঝুঁকির মধ্যে পড়েছে। মঙ্গলবার রাত ছিল প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যে হাজার হাজার মানুষকে খোলা আকাশের নিচে কাটাতে হয়। আফটারশক বা আবারও ভূমিকম্পের আশঙ্কায় তারা ঘরে ফিরতে আতঙ্ক বোধ করছেন_ পাকিস্তানের গণমাধ্যমে এমন খবর এসেছে। ভূমিকম্পের পর দুর্গম এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-কবলিত প্রত্যন্ত এবং পার্বত্য এলাকাগুলোতে গত দু'দিনে ভারি বৃষ্টি এবং তুষারপাত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সোমবারের ভূমিকম্পে দু'দেশে কমপক্ষে ৩৬০ জনের প্রাণহানির খবর জানা গেছে। খবর রয়টার্স, এএফপি, বিবিসি।
শিশুরা মৃত্যুঝুঁকিতে :আফগানিস্তান ও পাকিস্তানের ভূমিকম্পবিধ্বস্ত এলাকাগুলোর শিশুরা 'জরুরি ত্রাণ সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ফের মৃত্যুঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। মঙ্গলবার এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অর্ধেকই শিশু বলে ধারণা করা হচ্ছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর দু'দিন ধরে হিন্দুকোশ পর্বতের ওই প্রত্যন্ত এলাকাগুলোর কোথাও কোথাও তীব্র বৃষ্টি ও অপর অংশগুলোতে তুষারপাত হচ্ছে। দুর্গত এলাকাগুলোর অবস্থান দুর্গম স্থানে হওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং এলাকাগুলো নিরাপত্তা অভিযানের আওতায় থাকায় সেখানে প্রবেশও কষ্টসাধ্য। এতে দুর্গত শিশুরা মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ইউনিসেফ আফগানিস্তান ও পাকিস্তান সরকারের সঙ্গে কাজ করছে এবং দুর্গত এলাকাগুলোর হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের জন্য জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।











