লেগ স্পিনার অমিত মিশ্ররের সাথে বান্ধবী বন্দনা জেইনের তুমুল ঝগড়া ও মারধর (ভিডিও)
সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ব্যাঙ্গালুরুতে অনুশীলন শিবির করে ভারত। সেখানেই লেগ স্পিনার অমিত মিশ্রর হোটেল রুমে বান্ধবী বন্দনা জেইন দেখা করতে আসেন। একপর্যায়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং তাকে মারধর করেন অমিত মিশ্র।
কয়েকদিন আগের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বুধবার পুলিশের কাছে যান নির্যাতিতা বন্দনা। সেখানে তিনি এফআইআর করেন। এফআইআরে বলা হয়েছে, অমিত মিশ্র মেয়েটির মুখে কেটলি ছুঁড়ে মেরেছেন। একই সঙ্গে আঙ্গুলও ভেঙ্গে দিয়েছেন।
অভিযোগ পত্রে বলা হয়েছে, ‘চার বছর ধরে অমিতের সঙ্গে পরিচয়। ভারতীয় দল ২৫ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে অবস্থান করছিলো। সেখানে তার হোটেলরুমে দেখা করতে যায় মেয়েটি। এক পর্যায়ে দুজনের ঝগড়া বাধলে খারাপ ভাষায় গালাগালি শুরু করে মিশ্র। একপর্যায়ে শারীরিকভাবেও নির্যাতন করে।’
সাংবাদিকদের সাথে আলাপকালে বন্দনা জেইন। ছবিঃ জি নিউজ
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত দিনের মধ্যে জবাব চাওয়া হয় ভারতের এই লেগস্পিনারের কাছে। মঙ্গলবার বেঙ্গালুরুতে বান্ধবীর করা মামলার জবাব দিতে পুলিশের সামনে হাজির হন মিশ্র। তিন ঘন্টাব্যাপী চলে জিজ্ঞাসাবাদ। এরপরই গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরে জামিন নিয়ে ছাড়া পান তিনি।
জেরায় অমিত আত্মপক্ষ সমর্থন করে বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী তিনি হোটেলের ঘরে কোনও অতিথির সঙ্গে দেখা করতে পারেন না। সে জন্যই তিনি ওই মহিলাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা নিগ্রহের অভিযোগ সরাসরি অস্বীকার করেন অমিত।
এর একদিন পরেই মিডিয়ার সামনে মুখ খোলেন বন্দনা। অমিতের উপর আনীত অভিযোগ অস্বীকার করার পরিপ্রেক্ষিতে তিনি বলেন মেডিকেল রিপোর্টই প্রমাণ করবে অমিতের বিরুদ্ধের অভিযোগের সত্যতা।
এর আগে বন্দনা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, হোটেলের ঘরে ঢুকে তাকে দেখেই নাকি অমিত খেপে যান। পুলিশ সূত্রের খবর, এর পরই অমিত তার গায়ে হাত তোলেন এবং ঘরে থাকা একটি কেটলি ছুড়ে মারেন তার মুখে। এর পরেই অমিত বন্দনার গলা টিপে ধরেন এবং তাতে তার দমবন্ধ হয়ে আসে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।
এখানেই শেষ নয়, অমিত তার ডান হাতের কব্জি মুচড়ে দেন বলেও অভিযোগ করেন বন্দনা। যার ফলে নাকি ডান হাতের আঙুলে চিড়ও ধরেছে তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনীর গলার সামনের কিছু অংশে জমাট রক্ত পাওয়া গিয়েছে। যা দেখে মনে হতে পারে যে ওই অংশ কেউ সজোরে চেপে ধরেছিল।
যদিও ঘরের মেঝেতে কেটলি পড়ে থাকা নিয়ে অমিত নাকি জেরায় পুলিশকে জানিয়েছেন, তিনি সে দিন ঘরে ঢোকার আগেই কেটলিটি মেঝেতে পড়ে থাকতে দেখেছিলেন।
এর আগে টাইমস অফ ইন্ডিয়া খবর প্রকাশ করে, বন্দনা মামলা তুলে নিয়েছেন। কিন্তু এদিন বন্দনা এ প্রসঙ্গে বলেন, 'ভেবেছিলাম অমিতের সঙ্গে কথা বলে ওর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করব। কিন্তু ও একটা ফোনও করেনি আমাকে। দেখলাম ও যখন বিষয়টা নিয়ে ভাবছেই না, তখন আমিই বা ভাবতে যাব কেন?'
মেডিকেল রিপোর্টে আসলে কি আছে তা সময়ই বলে দিবে। তবে অভিযোগ প্রমাণিত হলে মিশ্রর কপালে অনেক বড় সাজাই অপেক্ষা করছে।
https://youtu.be/U38FI6upZDU











