বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের আগ্রাসন ঠেকাতেই পাকিস্তানের পরমাণু কর্মসূচি’

news-image

পাকিস্তানের ক্রমবর্ধমান পরমাণবিক অস্ত্র সম্ভার নিয়ে সারা বিশ্বেরই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সাফাই দিতে গিয়ে পাকিস্তান বলল, ভারতকে প্রতিরোধই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচির একমাত্র ও অভিন্ন লক্ষ্য। পাকিস্তান ভারতের সীমান্তবর্তী অঞ্চলে তাদের পরমাণু অস্ত্র তৈরির পরিকাঠামো গড়ে তোলায় উদ্বেগ আরও জোরাল হয়েছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী এ ব্যাপারে সুর চড়িয়ে দাবি করলেন, আমাদের পরমাণু অস্ত্র কর্মসূচির একটাই অভিমুখ। তা হল যুদ্ধ শুরু হওয়ার আগেই ভারতের আগ্রাসন প্রতিরোধ। এই কর্মসূচি যুদ্ধের জন্য নয়। এটা প্রতিরোধের জন্য।

উল্লেখ্য, আমেরিকা সফরে আসছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। শরিফের সফরের আগে সংবাদমাধ্যমের কাছে আইজাজ বললেন, তাদের স্বল্প ক্ষমতার, আত্মরক্ষামূলক পরমাণু অস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধে নামার চেষ্টাকে কঠিন করে তুলবে।
পাকিস্তানের দাবি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা গ্রহণের চেষ্টা করছে।  তাদের বাহিনী ও অস্ত্র সীমান্তের কাছে নিয়ে আসা হচ্ছে। এভাবে স্বল্প সময়ে পাকিস্তানের ওপর আগ্রাসন চালানোর সময় কমিয়ে এনে ভারত যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলেও দাবি করেছেন আইজাজ। ভারতের এই কৌশলকে ‘কোল্ড-স্টার্ট ডকট্রিন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভারতকে সেই সুযোগ না দিতেই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচী বলেও দাবি করেছেন আইজাজ। উল্লেখ্য, গত আগস্টেই দুটি প্রথমসারির মার্কিন থিঙ্কট্যাঙ্ক জানিয়েছিল, আগামী এক দশকে পাকিস্তান প্রায় ৩৫০ টি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলার পথে এগিয়ে চলেছে। এ ব্যাপারে আমেরিকা ও রাশিয়ার পর বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠবে পাকিস্তান।
পাকিস্তানের পরমাণু কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে আমেরিকা একটি চুক্তি স্বাক্ষরের জন্য চাপ দিচ্ছে বলে জানা গিয়েছিল। কিন্তু আইজাজ  এ ধরনের খবর অস্বীকার করে বলেছেন, শরিফের সফরে আমেরিকার সঙ্গে কোনও পরমাণু চুক্তি স্বাক্ষর করবে না পাকিস্তান।

সূত্র: এবিপি আনন্দ