বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইহুদিদের তীর্থস্থানে হামলা

news-image


[পূর্ব জেরুজালেমের কাছে ওয়াদি-আল-জোজ রাস্তায় জুম্মার নামাজরত ফিলিস্তিন মুসলমানরা। ৪০ বছর বয়সের নিচে মুসল্লিদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। তাদের প্রবেশ প্রতিহত করতেই জামাতের সামনেই ব্যারিকেড দিয়েছে ইসরাইলি পুলিশ। শুক্রবার জুমার নামাজের সময় তোলা ছবি এএফপি]


পূর্ব জেরুজালেমের কাছে ওয়াদি-আল-জোজ রাস্তায় জুম্মার নামাজরত ফিলিস্তিন মুসলমানরা। ৪০ বছর বয়সের নিচে মুসল্লিদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। তাদের প্রবেশ প্রতিহত করতেই জামাতের সামনেই ব্যারিকেড দিয়েছে ইসরাইলি পুলিশ। শুক্রবার জুমার নামাজের সময় তোলা ছবি এএফপি

ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইহুদিদের তীর্থস্থান খ্যাত একটি পবিত্র স্থানে অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনিরা। শুক্রবার এএফপির এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিদের পুণ্যস্থান ‘জোসেফের সমাধিতে’ অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনিরা। ইসরাইল-ফিলিস্তিন- উভয়পক্ষের সরকারি সূত্র থেকেই খবরটি নিশ্চিত করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নাবলুসের জোসেফ’স টম্ব (জোসেফের) সমাধিতে মলোটভ ককটেল ছোড়া হলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
খবরে বলা হয়, ইহুদিদের বিশ্বাস, বাইবেলের ওল্ড স্টেটমেন্টে বর্ণিত জোসেফের সমাধি এটি। স্বাধীনতাকামীদরে ওই অগ্নিকাণ্ডে সমাধিটির ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্দোলন থামাতে ফিলিস্তিন নেতাদের প্রতি আহ্বানের এক ঘণ্টা পরই সমাধিটি পুড়িয়ে দেয়া হয়।
জাতিসংঘে জরুরি বৈঠক : ইসরাইল ও ফিলিস্তিনের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবার স্থানীয় সময় জরুরি আলোচনায় বসার কথা রয়েছে। কূটনীতিকদের বরাতে শুক্রবার এ খবর প্রকাশ করেছে এএফপি। বৃহস্পতিবার আরববিশ্বের রাষ্ট্রদূতদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্য জডার্নের অনুরোধে এ জরুরি বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে রাষ্ট্রদূতরা জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন কয়েক সপ্তাহের সহিংসতার ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার জন্য বারবার আহ্বান জানান। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘সেখানের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ।’ তিনি পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এএফপি।
ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উসকে দেবেন না-কেরি : জেরুজালেমে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা উসকে না দিতে বৃহস্পতিবার ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে হুশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সাম্প্রতিক সময়ে সেখানে সহিংসতা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার উভয় পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানালেও এই প্রথমবারের মতো স্পষ্টভাবে আব্বাসকে লক্ষ্য করে কেরি বক্তব্য দিলেন। কেরি এনপিআর নিউজকে বলেন, ‘সংঘাতের পক্ষে কোনো অজুহাত থাকতে পারে না।’ তিনি বলেন, ‘হতাশার কারণে সহিংসতা এটা মেনে নেয়া যায় না। এটা ঘটা উচিত না। ফিলিস্থিনি নাগরিকদের তা উপলব্ধি করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আব্বাস যে কোনো ধরনের সহিংস ঘটনার বিরুদ্ধে প্রতিশ্র“তিবদ্ধ রয়েছেন। এ ধরনের ঘটনায় তার দৃঢ় ও স্পষ্টভাবে নিন্দা জানানো উচিত।’ তিনি আরও বলেন, ‘সহিংসতাকে উসকে দিতে পারে এমন ঘটনাকে উৎসাহিত করা তার পক্ষে উচিত হবে না। তবে অনেক সময় তাকে এ ধরনের ঘটনাকে উসকে দিতে দেখা গেছে। এটা বন্ধ করতে হবে।’ জেরুজালেমে দু’সপ্তাহের ক্রমবর্ধমান সহিংসতায় ইসরাইলের অনেক বেসামরিক নাগরিক ছুরিকাঘাতে প্রাণ হারায় এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে অনেক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। আব্বাস এসব হামলার ঘটনাকে সরাসরি সমর্থন না করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়ে সহিংসতাকে উসকে দেয়ায় তাকে অভিযুক্ত করেন। কেরি জানান, আগামী কয়েক দিনের মধ্যে তার এ অঞ্চল সফরের পরিকল্পনা রয়েছে। খবর রয়েছে যে, তিনি জডার্নে নেতানিয়াহু ও আব্বাসের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করতে পারেন। এএফপি।
ফিলিস্তিনিদের বহিষ্কারের ঘোষণা ইসরাইলের
ইসরাইলের বিরুদ্ধে ছুরি হামলায় অভিযুক্ত ফিলিস্তিনি ও তাদের আত্মীয়স্বজনের পূর্ব জেরুজালেম থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসরাইল।
বৃহস্পতিবার স্থানীয় একটি রেডিওকে দেয়া এক বিবৃতিতে ইসরাইলের বিচারবিষয়কমন্ত্রী আয়েলেত শাকেদ এ ঘোষণা দেন। আলজাজিরা।
পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের প্রবেশ ও ইসরাইলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে গত মাসে এ সংঘাতের সূচনা হয়। ক্রমেই পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ফিলিস্তিনি ও চার ইসরাইলির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুই সহস্রাধিক মানুষ।
ইসরাইলের এ ঘোষণায় ফিলিস্তিন-ইসরাইল সংকট আরও বাড়বে বলেই আশংকা করছেন বিশেষজ্ঞরা। কারণ, পূর্ব জেরুজালেমে বসবাসরত সিংহভাগ ফিলিস্তিনির ইসরাইল বা ফিলিস্তিনি নাগরিকত্ব নেই। ইসরাইলের জারি করা বিশেষ আবাসন অনুমোদনের পরিপ্রেক্ষিতেই তারা সেখানে বসবাস করে আসছিল।