সরাইলের ২ ইউনিয়নে উত্তেজনা, চেয়ারম্যান লাঞ্চিত : দিনভর পুলিশ প্রহরা
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে বিবদমান দুই ইউনিয়ন কালিকচ্ছ ও নোয়াগাঁও-এ ছিল চরম উত্তেজনা। সাধারন খেটে খাওয়া লোকজন ছিল আতঙ্কে ও উৎকন্ঠায়। বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো ছিল পুরোপুরি বন্ধ। বড় ধরনের সংঘর্ষের শঙ্কায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি ছিল নগন্য। রবিবার রাতে পুলিশের উপস্থিতিতেই নিজ ইউনিয়নের লোকজনের হাতে লাঞ্চিত হন চেয়ারম্যান আবু মুসা ওসমানী মাসুক। ছড়িয়ে পড়ে উত্তেজনার মাত্রা। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র গত রবিবার সৃষ্ট সংঘর্ষের কারনেই গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই ইউনিয়নবাসীর মনে ছিল ফের বড় ধরনের দাঙ্গার শঙ্কা। ওই ঘটনার রাতে যে কোন ধরনের সংঘাত সংঘর্ষ এড়াতে গোটা ইউনিয়নে দিনভর ছিল পুলিশ প্রহরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার ইউনিয়ন দুটির দেড় সহ¯্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৩ ঘন্টা লড়াই করে। থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে ২২ রাউন্ড টিয়ারসেল ও ৩০ রাউন্ড শর্ট গানের গুলি ছুঁড়ে পরিস্থিতি সামাল দেয়। তবে ততক্ষণে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। ঘটনার রাতেই স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সাংঘর্ষিক বিষয়টি নিস্পত্তির জন্য উভয় ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসেন। কালিকচ্ছ সম্মতি দিলেও বেঁকে বসে নোয়াগাঁও। ওই রাত থেকেই উভয় বলয়েই চলতে থাকে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি। রাত সাড়ে নয়টার পর অফিসার ইনচার্জ মো. আলী আরশাদকে সাথে নিয়ে তেরকান্দা গ্রামে প্রবেশ করেন চেয়ারম্যান আবু মুসা ওসমানী মাসুক। পুলিশ দেখেই ক্ষেপে যায় ওই গ্রামের লোকজন। তারা সন্দেহ করে বসে চেয়ারম্যানকে। অতর্কিতে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। পিছু খটে পুলিশ। হাতের কাছে পেয়ে তারা চেয়ারম্যানকে লাঞ্চিত করে। সোমবার ইউনিয়নের অন্যান্য গ্রামকে সম্পৃক্ত করে শক্তি বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ঈদগাহ মাঠে সভা করে নোয়াগাঁও ইউনিয়নের লোকজন। সেখানে সংঘর্ষের বিষয়ে দ্বিধা বিভক্ত বক্তব্য আসে। ওদিকে দৌড়ঝাঁপ শুরু করে কালিকচ্ছও। সভা না করলেও তারা মুঠোফোনে যোগাযোগ করে প্রত্যেকটি গ্রামের লোকজনের সাথে। আর এ কারনেই গতকাল সকাল থেকে কালিকচ্ছ বাজারে ছিল মানুষের ঢল। শর্টপ্যান্ট টাউজার সহ বিভিন্ন ড্রেস পরিধান করে সেজে এসেছে তারা সংঘর্ষে অংশ গ্রহন করার জন্য। সংঘর্ষ স্থলের আশপাশেই উভয় পক্ষ গোপনে রেখেছিল দেশীয় অস্ত্র। দুই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ছিল দাঙ্গাবাজদের উঁকিঝুঁকি। বাজারের সকল দোকানপাট ছিল বন্ধ। ঘটনাটিকে ঘিরে এলাকার সাধারন মানুষ চরম আতঙ্ক ও উৎকন্ঠার মধ্য দিয়ে সময় পার করেছে। ওদিকে সংঘর্ষ রোধে ছড়িয়ে ছিটিয়ে পর্যাপ্ত পুলিশ প্রহরা ছিল দুই ইউনিয়নের স্পর্শকাতর স্থান গুলোতে। অবশেষে উৎকন্ঠার মধ্যেই হয়েছে সন্ধ্যা। তবে এলাকাবাসী সংঘাত চায় না। চায় শান্তি। সাধারন লোকজন চেয়ে আছে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের দিকে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ মুঠোফোনে বলেন, উভয় পক্ষকে শান্তি আলোচনায় সম্মত করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।











