বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি আরবের ঐতিহাসিক পরাজয় ঘটবে : নাসরুল্লাহ , রাশিয়ার কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে পড়ে নি : মস্কো

news-image

ইয়েমেনে সৌদি আরবের জন্য ‘বিপর্যয়কর ও ঐতিহাসিক’ পরাজয় অপেক্ষ করছে বলে জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইয়েমেনকে নিজের করদরাজ্য করার জন্য দেশটিতে হামলা চালিয়েছে সৌদি আরব। কিন্তু ইয়েমেনের জনগণ অচিরেই এ যুদ্ধে বিজয় লাভ করবে। সাইয়্যেদ নাসরুল্লাহ আজ (শুক্রবার) ইরানের আরবি স্যাটেলাইট চ্যানেল আল-আহওয়াজ’কে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, প্রতিবেশী কোনো দেশে জনপ্রিয় একটি সরকার গঠিত হোক তা সৌদি আরব চায় না। কারণ, তা দেখে সৌদি জনগণ তাদের দেশেও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন জোরদার করতে পারে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, রিয়াদ ইয়েমেনকে ‘বিধ্বস্ত জনপদে’ পরিণত করতে চায়। এ কাজে সৌদি আরবের লক্ষ্য ইয়েমেনের জনগণের ঐক্য ও দেশটির উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করা। রিয়াদ চায়, ইয়েমেন সৌদি আরবের কাছে নতজানু ও সাহায্যপ্রার্থী হয়ে কোনোমতে টিকে থাকুক।
কিন্তু ইয়েমেনের জনগণ তা হতে দেবে না বলে মন্তব্য করেন লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনের এ নেতা। তিনি বলেন, ইয়েমেনের জনগণের বিজয় নিকটবর্তী এবং তারা আর কখনো সৌদিদের দাসত্ব মেনে নেবে না। 

রাশিয়ার কোনো ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে পড়ে নি : মস্কো
 

সিরিয়াকে লক্ষ্য করে ছোঁড়া রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, মস্কোর প্রতিরক্ষা দফতর তা পরিষ্কার ভাষায় নাকচ করে দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন প্রচারিত খবরে দাবি করা হয়েছে, সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র অবস্থান লক্ষ্য করে কাস্পিয়ান সাগর থেকে রুশ নৌবহর যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার কয়েকটি ইরানে পড়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনশেনকোভ এক বিবৃতিতে এ খবর নাকচ করে দেন। তিনি বলেন, পেশাদার ব্যক্তিমাত্রই জানেন যে অভিযান চালানোর আগে এবং পরে মস্কো তার লক্ষ্যবস্তু ঠিক করে নেয়। এ ছাড়া, রুশ নৌবহর থেকে ছোঁড়া সব ক্রুজ ক্ষেপণাস্ত্রই তাৎক্ষণিকভাবে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলেও জানান তিনি।
rasiya
ইগর কোনশেনকোভ আরো বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক কোনো সূত্রের বরাত দিয়ে সিএনএন’র মতো খবর রাশিয়া প্রচার করে না। বরং রুশ নৌবহর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রদর্শন করেছে এবং সেগুলোর ছোঁড়ার পরই লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে বলে জানান তিনি। বুধবার রুশ নৌবহর থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এটি পেন্টাগন এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তাদের জন্য যতই অপ্রত্যাশিত এবং অপ্রীতিকর হোক না কেন আইএসআইএল’র অবকাঠামোতেই আঘাত করেছে রুশ ক্ষেপণাস্ত্র।
বুধবার সিরিয়ার আইএসআইএল লক্ষ্যবস্তু লক্ষ্য করে কাস্পিয়ান সাগরের নৌবহর থেকে ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ভিডিও প্রকাশ করেছ রুশ প্রতিরক্ষা দফতর। – সূত্র : আইআরআইবি