মেসিকে ছাড়া খেলতে নেমেই আর্জেন্টিনার সর্বনাশ , নেইমার নেই, চিলির কাছে হারলো ব্রাজিল
কুন আগুয়েরো খেলার ২০ মিনিটে পড়লেন ইনজুরিতে। মাঠ ছাড়তে হলো তাকে। আর আর্জেন্টিনা খুব করে অভাব বোধ করলো তাদের অধিনায়ক লিওনেল মেসির। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাই চেনা আর্জেন্টিনাকে কমই পাওয়া গেলো। তার ফলে বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিলো ইকুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার মাটিতে এটা ইকুয়েডরের প্রথম জয়।
হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেন নি মেসি। দুই মাসের জন্য মাঠের বাইরে তিনি। তার ওপর যদি দলের আরেক সেরা খেলোয়াড় আগুয়েরোর ইনজুরি সওয়ার হয় তাহলে আর্জেন্টিনার ভালো হয় কিভাবে! হয়নি ভালো। আক্রমণে তাই ছন্নছাড়া মনে হয়েছে আর্জেন্টিনাকে। ডিফেন্সেও তালগোল হারিয়েছে। তাতে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে ইকুয়েডর। বাছাইয়ের প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা।
ইকুয়েডরের শুরুটা ছিল উজ্জ্বল। ১০ মিনিটেই লিড নেয়ার মতো অবস্থা তৈরি করে। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার ডিফেন্সে। আনমার্কড জেফারসন মন্তেরোকে পেনাল্টি বক্সে বল পাঠিয়েছিলেন। কিন্তু সুযোগটা মিস করেন মন্তেরো। অন্য প্রান্তে আর্জেন্টিনাও গোলের কাছাকাছি যায়। প্রথমে আনহেল কোরিয়াকে রুখে দেন গোলকিপার আলেক্সান্দের ডমনিগুয়েজ। এরপর আনহেল দি মারিয়ার কাছে থেকে পাওয়া বলে আগুয়েরোর চেষ্টা ঠেকিয়ে দেন গোলকিপার। ওটাই ছিল এদিন আগুয়েরোর শেষ চেষ্টা। দুই মিনিট পর মাঠ ছাড়তে হয় তাকে। বাঁ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে কাউন্টার অ্যাটাকে ইকুয়েডর বিপদে ফেলতে চেষ্টা করে আর্জেন্টিনাকে। ভ্যালেন্সিয়ার তৈরি করে দেয়া একটি বল নষ্ট করেন মিলার বোলানোস। লক্ষ্যহীন শট মারেন তিনি।
বিরতির পরও সুযোগ নষ্ট করে ইকুয়েডর। ৫৮ মিনিটে সুযোগ এসেছিল তাদের সামনে। ক্রিস্তিয়ান নোবোয়ার চিপে বল উড়ে যায় ওপর থেকে। ৬৭ মিনেটে সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু হাভিয়ের মাচেরানো কিংবা দি মারিয়ার কেউই সুযোগ কাজে লাগাতে পারেন নি।
এরপর সুযোগ হারানোর মূল্য চুকাতে হয় আর্জেন্টিনাকে। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগের ঘটনা। সেগুন্দো কাস্তিলো একটি বল উড়িয়ে দেন। ইরাজো সেটিকে হেড করে লক্ষ্যভেদ করেন। রোমেরোর কিছু করার থাকেনি। এক মিনিটের মধ্যে আরো একটি গোল পেয়ে যায় ইকুয়েডর। এবার দ্রুত দৌড়ে বক্সে ঢুকে পড়েন ভ্যালেন্সিয়া। বল পাস করে দেন কাইসেদোকে। কাছ থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি কাইসেদোর। নিজেদের মাটিতে হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
২০১৮ বিশ্বকাপ বাছাই পর্ব
নেইমার নেই, চিলির কাছে হারলো ব্রাজিল
আর্জেন্টিনা দলে ইনজুরির কারণে ছিলেন না লিওনেল মেসি। আর নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল অধিনায়ক নেইমার খেলতে পারেন নি প্রথম ম্যাচে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার বড় দুই শক্তিকে একই ভাগ্য বরণ করতে হয়েছে। আর্জেন্টিনার মতো হেরেছে ব্রাজিলও। সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি ২-০ গোলে হারিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে ইদুয়ার্দো ভার্গাস ও আলেক্সিস সাঞ্চেজের গোল জিতিয়েছে চিলিকে।
৭২ মিনিটে ভার্গাসের শট লিড এনে দেয় চিলিকে। এরপর ৯০ মিনিটে সাঞ্চেজ জয় নিশ্চিত করা গোল করেন। গোল চিলি আগেই পেতে পারতো। সাঞ্চেজ ও মরিসিও ইসলার শট পোস্টে লেগে ফিরেছে। কাউন্টার অ্যাটাকে দুঙ্গার ব্রাজির দলকে দারুণ মনে হচ্ছিল। কিন্তু গোলকিপার ক্লদিও ব্রাভো দাড়িয়ে ছিলেন প্রাচীর হয়ে। নেইমারের অভাব ভালো করেই বোধ করেছে ব্রাজিল। হাল্ক শুরু থেকে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেন নি। ব্রাজিলের সাথে ৭১ দেখায় এটা চিলির অষ্টম জয়। ২০০০ সালের পর এই প্রথম ব্রাজিলকে হারালো তারা। সাঞ্চেজ ও আরতুরো ভিদালের ছিলো ইনজুরি সমস্যা। তারপরও খেলেছেন তারা। জুলাইয়ে কোপা আমেরিকা জেতা দল থেকে কেবল চার্লস আরানগুইজ ছিলেন অনুপস্থিত। তার জায়গা নেন গনজালো জারা। ব্রাজিল খেলেছে নেইমার ও ইনজুরি আক্রান্ত ফিলিপ্পে কুতিনহো ও রবার্তো ফিরমিনহোকে ছাড়া। খেলার পঞ্চম মিনিটেই চিলির ভার্গাস হুমকি হয়ে দাঁড়ান। কিন্তু তার দুর্বল চেষ্টায় গোলকিপার জেফারসনকে উদ্বিগ্ন হতে হয়নি। অন্যদিকে হাল্কের বেশ দূর থেকে নেয়া ফ্রি কিকে বল পোস্টের সাথে দুরত্ব রেখে চলে যায়। এরপর দূর থেকেই চেষ্টা করেছেন সাঞ্চেজ ও ভার্গাস। কাজ হয়নি তাতে।
শুরুর প্রথম আধ ঘণ্টায় কোনো দলই সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি। সবচেয়ে ভালো সুযোগটা ছিল ৪২ মিনিটে, চিলির। চেষ্টা ছিল সাঞ্চেজের। ভিদাল ও মার্ক গঞ্জালেজের চেষ্টায় একটি সুযোগ তৈরি হয়। সাঞ্চেজ বলটা মারেন পোস্টের বাইরের দিকে। বিরতির পর স্বাগতিক চিলির আরেকটি চেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। বেশ কাছে চলে গিয়েছিলেন ইসলা। শক্তিশালী শট নিয়েছিলেন। কিন্তু বলটা বাইরে থেকেই পোস্টে লাগে। ৬৮ মিনিটে তারা আরেকটি সুযোগ পায়। ভিদাল বল পাইয়ে দিয়েছিলেন গঞ্জালেজকে। কিন্তু তার শট লক্ষ্যভেদ করতে পারেনি। এর চার মিনিট পর একের পর এক চেষ্টার সুফল পায় চিলি। এগিয়ে যায় তারা। ডান দিক থেকে সেট পিস নিয়েছিলেন মাতিয়াস ফার্নান্দেজ। বলটা পেয়েছিলেন ভার্গাস। তার শট জেফারসনকে হার মানায়। এর কিছুক্ষণের মধ্যে সমতা প্রায় এনে ফেলেছিল ব্রাজিল। উইলিয়ানের নিচু ক্রস থেকে পাওয়া বলকে রিকার্দো অলিভেইরা একটুর জন্য জালে জড়াতে পারেন নি। ৯০ মিনিটে আরেকটি গোল করে চিলি তাদের জয় নিশ্চিত করে। সাঞ্চেজ ও ভিদাল ওয়ান টু করে এগিয়ে গিয়েছিলেন। এরপর সাঞ্চেজ সুযোগমতো শট নিয়ে বলটাকে জালে জড়িয়েছেন। হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।











