শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতি ব্লাটার সাময়িক বরখাস্ত

news-image

ফিফা সভাপতি জেপ ব্লাটারকে ৯০ দিনের জন্য বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি। সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে গত মাসে ফৌজদারী তদন্ত শুরু করার পর ফিফার এথিক্স কমিটি এ সপ্তাহে বৈঠকে বসে। বুধবার কমিটি এই সিদ্ধান্ত নেয়। সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন।
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার অবশ্য প্রথম থেকেই কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ব্লাটারের উত্তরসূরি হতে চাওয়া প্লাতিনিও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জুরিখে সোমবার থেকে এথিক্স কমিটির সভা চলছে। বুধবার কমিটি ব্লাটারকে বরখাস্ত করলেও ফ্রান্সের সাবেক ফুটবল তারকা প্লাতিনির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। ফিফার এথিক্স কমিটির বিচারক ইওয়াখিম একহার্ট শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন।


ব্লাটারের উপদেষ্টা ক্লাউস স্টকার বিসিবি স্পোর্টকে বলেন, খবরটি ফিফার সভাপতিকে বিকেলে দেওয়া হয়েছে। উনি শান্ত আছেন। এটা ৯০ দিনের জন্য সাময়িক, আসলে কিন্তু তিনি বরখাস্ত নন। কমিটি এখনও সিদ্ধান্ত নেয়নি এবং তাদের সভা চলছে, দাবি করেন তিনি।