বক্সিং রিংয়ে মৃত্যু এবং…
একদিনে বিশ্বের ভিন্ন দুই প্রান্তের বক্সিং রিংয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুজন মুষ্টিযোদ্ধা। এতে প্রতিবাদী হয়ে উঠলেন স্বয়ং চিকিৎসকরা। সাড়া পড়লো সরকারে। আর মৃত্যুর সঙ্গে বক্সারদের এমন খেলা শুরুর নেপথ্য কারণ হিসেবে ফুটে উঠলো ‘করুণ সত্য’ও। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ায় প্রাদেশিক এক বক্সিং লড়াইয়ে রিংয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অজি মুষ্টিযোদ্ধা ডেভিড ব্রাউন। একই দিন দক্ষিণ আফ্রিকায় লড়াইকালে রিংয়ে মৃত্যুবরণ করেন প্রোটিয়া বক্সার এমজোয়ানেলে কমপোলো। ইস্টার্ন কেপ প্রদেশে লড়াইয়ের মাত্র প্রথম রাউন্ডে রিংয়ে লুটিয়ে পড়েন ২২ বছরের এ তরুণ। পরে আর জ্ঞান ফেরেনি তার। এ ঘটনায় চাপ বেড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রীড়া মন্ত্রণালয়ের ওপর। এক বছরে দক্ষিণ আফ্রিকায় বক্সিং রিংয়ে মৃত্যুর দ্বিতীয় ঘটনা এটি। গত বছর অক্টোবরে এমন ঘটনায় প্রাণ যায় মহিলা বক্সার ফিনডাইল এমওয়েলাসের। আর এতে বেরিয়ে আসে ‘নিষ্ঠুর সত্য’। এমওয়েলাসে ওই লড়াইয়ে বক্সিং রিংয়ে নামেন ক্যারিয়ারে মাত্র চার ম্যাচের অভিজ্ঞতা নিয়ে। এটা ছিল তার আট রাউন্ডের বাউটে প্রথম লড়াই। এ লড়াইয়ের জন্য এমওয়েলাসে পেয়েছিলেন মাত্র ২০০ পাউন্ড (৪০০০ র্যান্ড)। দক্ষিণ আফ্রিকার তরুণদের কাছে বক্সিং জনপ্রিয় খেলা। দারিদ্র্য মেটাতে দক্ষিণ আফ্রিকায় খেলাটিকে অবলম্বন হিসেবে নিয়ে থাকেন অনেকেই। সিডনিতে ফেদারওয়েট শিরোপার ১২ রাউন্ডের লড়াইয়ে ডেভিড ব্রাউন লড়ছিলেন ফিলিপিনো বক্সার কার্লো মাগালির বিপক্ষে। শেষ রাউন্ডে প্রতিপক্ষ বক্সারের আঘাতে রিংয়ে লুটিয়ে পড়েন ২৮ বছরের ব্রাউন। পরে হাসপাতালে মারা যান তিনি। রিংয়ে এ লড়াই দেখছিলেন খোদ অস্ট্রেলিয়া বক্সিং ফেডারেশনের সভাপতি জন ম্যাকডুগাল। অজি এ শীর্ষ বক্সিং কর্মকর্তা পরে বলেন, ক্রীড়ায় এটা ট্র্যাজেডির এক দুর্ঘটনা। তবে এ ঘটনায় প্রতিক্রিয়া দেখায় খোদ অস্ট্রেলিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (এএমএ)। সংস্থার সভাপতি ডা. স্টিফান পারনিস বলেন, এক ঘুষিই আপনার মৃত্যুর জন্য যথেষ্ট হতে পারে। একজন তরুণ মানুষের এমন মৃত্যু দেখে আমার ভেতরটা শূন্য হয়ে গেছে। এএমএ মনে করে এ খেলা (বক্সিং) বন্ধ হওয়া উচিত। বিষয়টি নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার রাজনৈতিক কর্তা ব্যক্তিদেরও। অস্ট্রেলিয়ার খেলাধুলার নীতি নির্ধারক সংস্থা কমব্যাট স্পোর্টস অথরিটিকে বক্সিংয়ের আইনকানুনের দিকে নজর রাখার তাগিদ দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের ক্রীড়ামন্ত্রী স্টুয়ার্ট আয়ার্স। বক্সিং রিংয়ে মৃত্যুর তালিকা ছোট নয়। ১৯৮২ সালের এমন এক ঘটনা নাড়িয়ে দেয় গোটা ক্রীড়া বিশ্বকে। লাস ভেগাসে দক্ষিণ কোরিয়ার কিম ডাক কু বিশ্ব শিরোপার লড়াইয়ে রিংয়ে নামেন মার্কিন বক্সার রে মানচিনির সঙ্গে। ম্যাচের ১৪তম বাউটে পর্যুদস্ত দেখাচ্ছিল কিমকে। ঝুঁকি এড়াতে খেলা থামিয়ে মানচিনিকে বিজয়ী ঘোষণা করেন আম্পায়ার। এর কিছুক্ষণের মধ্যেই রিংয়ে লুটিয়ে পড়েন কিম ডাক কু। হাসপাতালে কোমায় কাটে কিমের টানা চারদিন। এর পর সব শেষ। যুক্তরাষ্ট্রের সিবিসি টেলিভিশন সরাসরি দেখাচ্ছিল এ লড়াই। কিমের মৃত্যুর পর ক্রীড়াপ্রেমীদের নাড়া দেয় লড়াইয়ের আগে কিমের দুই ঘটনা। মানচিনির বিপক্ষে নয় বরং লাইটওয়েটের খেতাবের জন্য লড়তে চাইছিলেন কিম ডাক কু। এজন্য ডায়েট নিয়ন্ত্রণে রেখে ওজন কমানোর চেষ্টা করেন তিনি। তবে যথা সময়ে তার ওজন ১৩৫ পাউন্ডের নিচে নামিয়ে আনতে পারেননি কিম। আর অন্য ঘটনাটি ছিল ভাষার অনুবাদ সংক্রান্ত বিভ্রান্তির। মানচিনির বিপক্ষে লড়াইয়ে নামার আগের দিন কিম বলেন ‘বাঁচবো নয় মরবো’ (লিভ অর ডাই)। কিন্তু কোরিয়ান ভাষায় দেয়া কিমের এ বক্তব্যের ভুল অনুবাদে মার্কিন মিডিয়া শিরোনাম করে ‘মারবো নয় মরবো’ (কিল অর বি কিলড)। কিম ডাক কুর মৃত্যুতে বক্সিং আইনে পরিবর্তন আনা হয় ব্যাপক। বক্সারের সুরক্ষায় লড়াইয়ের আগে বাধ্যতামূলক মেডিক্যাল পরীক্ষা এবং ১৫ রাউন্ডের বদলে ম্যাচ নেমে আসে ১২ বাউটে।











