বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারির হাতে পিস্তল

news-image

ফুটবল মাঠে খেলোয়াড়রা সারাক্ষণই বলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যস্ত থাকেন। আর পুরো নব্বই মিনিট সেই খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করেন রেফারি, যাতে কেউ ফাউল করতে না পারে। খেলোয়াড়রা বাজেভাবে বাধা দিলে কিংবা অন্য খেলোয়াড়কে আঘাত করলে শাস্তিমূলক ব্যবস্থা নেন রেফারি। বাজে ব্যবহারের কারণেও শাস্তির মুখোমুখি হতে পারেন খেলোয়াড়রা। গুরুতর অপরাধের জন্য সাধারণত হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দেয়া হয়, ক্ষেত্রবিশেষে লাল কার্ড দিয়ে মাঠ থেকেও বের করে দেয়া হয়। তবে সমপ্রতি ব্রাজিলের বেলো হরিজন্তের একটি মাঠে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ের খেলায় রেফারি এতোটাই ক্ষেপে গিয়েছিলেন যে রীতিমতো পিস্তল বের করতে বাধ্য হন। লালকার্ড দেয়াকে কেন্দ্র করে এক খেলোয়াড় রেফারি গ্যাব্রিয়েল  মুরতার গায়ে হাত তুললে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। পকেট থেকে পিস্তল বের করেন গ্যাব্রিয়েল। পেশায় একজন পুলিশ সদস্য গ্যাব্রিয়েল। তবে এভাবে পিস্তল নিয়ে মাঠে প্রবেশ করায়  এবং খেলোয়াড়ের দিকে পিস্তল তাক করায় তোপের মুখে পড়েছেন তিনি। গাব্রিয়েল পিস্তল বের করার পর তত্ক্ষণাত্ লাইন্সম্যান এসে নিবৃত্ত করলেও ঠিকই শাস্তির মুখে পড়তে হচ্ছে তাকে। তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি ফুটবল থেকে স্থায়ীভাবেও নিষিদ্ধ করা হতে পারে।-টেলিগ্রাফ