সরাইল উপজেলা পোষ্ট মাষ্টারের কান্ড! অফিসে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলা পোষ্ট মাষ্টার মোহাম্মদ আলী খান। এখানে যোগদান করেছেন আড়াই বছর আগে। যোগদানের পর থেকেই তিনি ইচ্ছেমত অফিস করছেন। ইচ্ছেমত চলে যান। চলতি মাসের গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি অনুপস্থিত। আটকে যাচ্ছে দাপ্তরিক কাজ। চরম দূর্ভোগ পোহাচ্ছে স্থানীয় লোকজন। ভুক্তভোগী স্থানীয় কয়েকজন লোকের মৌখিক অভিযোগ পেয়ে গতকাল বিকেল ৩টায় সরজমিনে পোষ্ট অফিসে গিয়ে দেখা যায়, হারু মিয়া ও ফরিদ মিয়া নামের দুই শ্রমিক কাজ করছে। পোষ্ট মাষ্টারের চেয়ার ফাঁকা। একটি স্বাক্ষরের জন্য গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে যাচ্ছে। লোকজন আসছেন। পোষ্ট মাষ্টার নেই। এমন খবর পেয়ে আবার হতাশ হয়ে চলে যাচ্ছেন। কারন সঞ্চয়পত্র খোলা, ভাঙ্গানো ও লভ্যাংশের টাকা উঠানোর মত গুরুত্বপূর্ণ কাজে উনার স্বাক্ষর অত্যাবশ্যক। এ ছাড়া জেলা অফিসে ও ঢাকায় বিভিন্ন তথ্য প্রেরন ও গ্রহন তার স্বাক্ষর ছাড়া অসম্ভব। হাজিরা খাতায় দেখা যায় চলতি মাসে তিনি একদিনও অফিস করেননি। উনার স্বাক্ষরের সবগুলো ঘরই ফাঁকা। মাঝে মধ্যে আসলে তিনি অফিসে বসেন না। বসেন তার সরকারি কোয়টারের একটি কক্ষে। আবার ১টার আগে তড়িগড়ি করে অফিস ত্যাগ করেন। যে কক্ষে বসে তিনি অফিস করেন সেই কক্ষে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। মূল অফিসের আলমিরার উপর দেওয়ালে সাটিয়ে রেখেছেন দুটি ছবি। অনুসন্ধানে জানা যায়, এখানে যোগদানের পর থেকে তিনি কখনো নিয়মিত নন। সপ্তাহে ১/২ দিন অফিস করেন। কোন কোন সপ্তাহে আসেনই না। অধ:স্তন কর্মচারী দিয়ে বাসায় হাজিরা খাতা নিয়ে এক সাথে পেছনের সকল স্বাক্ষর করেন। অফিসের কাগজ পত্রও স্বাক্ষরের জন্য বাসায় নিয়ে যেতে হয়। জরুরী কাগজে স্বাক্ষর করে বাসা থেকেই ঢাকায় পাঠিয়ে দেন। এ জন্য পোষ্ট অফিস সংশ্লিষ্ট গ্রাহকরা চরম ভুগান্তির শিকার হচ্ছে। করিম, জামাল ও হাদিসা নামের তিনজন জানান, পোষ্ট মাষ্টারের স্বাক্ষরের জন্য তিনদিন ধরে ঘুরছেন। উনার দেখাই পাচ্ছেন না। কর্মচারী হারু মিয়া বলেন, কোরবানির ঝামেলায় আছেন। তাই হয়ত স্যার আজকে আসেননি। আজ ২২ তারিখ একটি স্বাক্ষরও নেই কেন? এমন প্রশ্নের হারু মিয়া বলেন, হয়তবা ভুলে করেননি। অভিযুক্ত পোষ্ট মাষ্টার মোহাম্মদ আলী খান মুঠোফোনে বলেন, আমি আজ (গতকাল) অফিস করেছি। নিয়মিত করছি। আপনাকে তো পায়নি। গত ২২ দিনের একদিনও হাজিরা খাতায় স্বাক্ষর নেই কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি ক্ষেপে গিয়ে বলেন, হাজিরা খাতা আপনাদেরকে কে দিল? টেবিলেই ছিল বলার সাথে সাথে তিনি বলেন, ভাই আর দুই আড়াই মাস আছি। লেখা লেখি কইরেন না।











