শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিবেককে বিদ্রূপ করল আয়লান

news-image

জার্মানি ও ইউরোপিয়ান কমিশন চেষ্টা করছিল এই অভিবাসীদের ইইউ সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। কিন্তু পূর্ব ইউরোপের কিছু দেশ এতে আপত্তি জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত একটি সমন্বিত উদ্যোগের দাবি বিশ্বব্যাপী জোরালো হচ্ছে
 
ছোট শরীরটা ভেজা বালিতে পড়ে আছে। কোমরের দুই পাশে দুইটি হাত রাখা। মুখটাও মাটিতে। নীল প্যান্ট আর লাল জামা পরিহিত শিশুটিকে দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন তুরস্কের চিত্র সাংবাদিক নিলুফার দেমির। বুকটা যন্ত্রণায় মুচড়ে উঠেছিল তার। কিন্তু কাঁধে ঝোলানো ক্যামেরার ব্যাগ, নোটবুক মনে করিয়ে দিয়েছিলো তার কাজ। সাংবাদিককে যে ভেঙে পড়তে নেই! মন শক্ত করে তাই শাটারে আঙুল রেখেছিলেন তিনি। ছবি তুলেছিলেন। তিনি জানতেন ছবিও কথা বলে। একটি ছবি হাজার শব্দের সমান। নিলুফারের তোলা সিরীয় শিশু আয়লান কুর্দির ছবি সেটাই প্রমাণ করেছে।
 
তুরস্কের সাগর পাড়ে পড়ে থাকা তিন বছরের আয়লানের লাশের ছবি শোকাচ্ছন্ন করেছে বিশ্বকে। এতোদিন সাগরে হাজার হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর জীবন গেলেও তাদের বাঁচার আকুতি ও স্বজনের কান্না অনেকেই শুনতে পাইনি। কিন্তু সেই আকুতি যেন বিশ্বের সবকোণে ছড়িয়ে দিয়ে গেল আয়লান কুর্দি। তার মৃত্যু শরণার্থীদের সমস্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। আয়লানের এই মৃত্যু পৃথিবীর মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে, আর কত প্রাণ গেলে বন্ধ হবে যুদ্ধ? ছোট এই শিশুর মৃত্যুর পরেও কি ইউরোপের মন গলবে না?
 
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের প্রথম আট মাসে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানো শরণার্থী ও অভিবাসীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এই সমুদ্রযাত্রায় প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর পর নানাভাবে নিগ্রহের শিকার হতে হচ্ছে এসব মানুষকে। কারণ তাদেরকে কোনোভাবেই গ্রহণে রাজি নয় ইউরোপের ধনী দেশগুলো।
 
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধ আর বঞ্চনার কারণে এসব নিরীহ মানুষ শরণার্থী হওয়ার চেষ্টা করছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে সৃষ্ট পরিস্থিতির মতোই। শিশু আয়লানের ছবি সাগরে ভেসে আসা অভিবাসীদের দিকে বিশ্বকে আরো মনোযোগ দেয়ার আহবান জানাচ্ছে। একই সঙ্গে সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে পালিয়ে আসা শরণার্থীদের স্বাগত জানাতে। আয়লানের মৃত্যুতে শরণার্থী ইস্যুতে শেষ পর্যন্ত নমনীয় হতে বাধ্য হচ্ছেন ইউরোপের নেতারা!
 
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার জানিয়েছে, আরো কয়েক হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার কথা ভাবছে তারা। বিশ্বজুড়ে শরণার্থী-সংকটের মুখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশির ভাগ দেশ যখন আশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন ইইউ-এর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ব্রিটেন জানিয়েছিল তারা এই প্রক্রিয়ায় যুক্ত হবে না। কিন্তু সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরে যখন বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছিলো তুরস্কের সৈকতে পড়ে থাকা আয়লানের ছবি নিয়ে, তখনই অন্য অনেকের মতো থমকে যান ব্রিটেনের প্রধানমন্ত্রীও। তিনি বলেন, একজন বাবা হিসেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। বোঝাতে চেয়েছেন, ইউরোপ জুড়ে শরণার্থীদের আর্তি তার কানেও পৌঁছেছে।
 
জানা গেছে গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে জার্মানি। ২৬ হাজার শরণার্থীকে নিতে সম্মত  ফ্রান্স। হাজার ষোলো শরণার্থীকে পাঠানো হবে স্পেনে। বুলগেরিয়া ও রোমানিয়ার মতো দরিদ্র দেশ শরণার্থীদের জায়গা দিতে সম্মত হয়েছে। শনিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে পায়ে হেঁটে অস্ট্রিয়ার উদ্দেশে যাত্রা করে প্রায় ১০ হাজার শরণার্থী প্রত্যাশী। জার্মানির কর্তৃপক্ষ জানায়, এই শরণার্থীদের অনেকেই জার্মান শহরগুলোয় যাবে। তবে ইউরোপকে আরো দুই লাখ মানুষকে শরণার্থী হিসেবে গ্রহণের জোরালো আহবান জানিয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য প্রথমবারের মতো এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে ইউরোপকে।
 
পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসছে ইউরোপের নেতারা। চলতি সপ্তাহে লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই অভিবাসী প্রসঙ্গটিই প্রাধান্য পেয়েছে। সেখানে হাঙ্গেরির পরিস্থিতি তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসীদের নিয়ে যা ঘটছে তা হলো ইউরোপিয়ান ইউনিয়নের লোক-চলাচল সংক্রান্ত ব্যর্থ নীতিরই পরিণাম। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি শরণার্থী সংকটে ইউরোপ কিভাবে সাড়া দেয় তার পর ইইউ’র বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে। তিনি বলেন, অভিবাসীদের রক্ষা করা এবং মানুষ পাচারকারীদের ঠেকানোর জন্য আরো পদক্ষেপ নিতে হবে। তবে এই সংকটের ব্যাপারে ইউরোপ যে সমন্বিত কোনো পদক্ষেপ নেবে এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। জার্মানি ও ইউরোপিয়ান কমিশন চেষ্টা করছিল এই অভিবাসীদের ইইউ সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য। কিন্তু পূর্ব ইউরোপের কিছু দেশ এতে আপত্তি জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত একটি সমন্বিত উদ্যোগের দাবি বিশ্বব্যাপী জোরালো হচ্ছে।
 
পুত্রশোকে পাথর আয়লানের পিতা আব্দুল্লাহ চলমান যুদ্ধ বন্ধের জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, সন্তান হারানোর পর আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। এখন শুধু আমি সিরিয়ায় শান্তি চাই। সিরীয় শরণার্থীদের সমস্যা সমাধানে গোটা বিশ্বের এগিয়ে আসা উচিত। কারণ তারাও মানুষ। এই শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান হোক। বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ বন্ধ হলে, মানুষ বঞ্চনা থেকে মুক্তি পেলে হয়তো উন্নত দেশগুলোকে এমন উটকো ঝামেলা আর পোহাতে হবে না।