শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাচদের হারিয়ে দিল আইসল্যান্ড

news-image

বিশ্বকাপ তো দূরের বাতিঘর, এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ মেলেনি আইসল্যান্ডের। ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাবনা জাগিয়েও পারেনি প্লে-অফে হেরে যাওয়ায়। তবে সেই পারফরমেন্সে ছিল আগামীর সম্ভাবনা। যে সম্ভাবনা বাস্তবে রূপ নিয়ে এবার খুলে দিচ্ছে ২০১৬ সালের ইউরোর দরজা। ২০০২ সালের বিশ্বকাপ বাছাইয়ের অঘটন বাদ দিলে ১৯৯০ সাল থেকে ফুটবলের বিশ্ব আসরে নিয়মিত মুখ নেদারল্যান্ডস। আর ইউরো চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ এলে তো ১৯৮৮ সাল থেকে নিয়মিত খেলে আসছে তারা। অথচ সেই দলটির কিনা সামনের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মূল পর্বে খেলা পড়ে গেছে হুমকির মুখে! কখনো ফুটবলের বড় কোনো আসরে না খেলা ওই আইসল্যান্ডের আঘাতে ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামের ম্যাচে ০-১ গোলে হেরে ডাচরা যখন শঙ্কিত, উল্টো দিকে আইসল্যান্ড সমর্থকদের মধ্যে তখন চলছে ফ্রান্সে পৌঁছানোর দিন গণনা।

ডাচদের হারিয়ে দিল আইসল্যান্ড

গাস হিডিঙ্ক গেলেন, এলেন দানি ব্লিন্দ। কোচের চেয়ার তো পাল্টাল, কিন্তু ডাচদের হতাশায় মুখ লুকানোর দৃশ্যটা যে বদলাল না। এই আইসল্যান্ডের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল অ্যাওয়ে ম্যাচে। জোড়া গোল করেছিলেন গিলফি সিগুরসন। সোয়ানসি সিটির এই ফরোয়ার্ডের গোলেই আবার কুপোকাত নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার গ্রিগরি ফন দের উইল বক্সের মধ্যে বিরকির বারনাসনকে ফাউল করলে রেফারি বাজায় পেনাল্টির বাঁশি। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে আইসল্যান্ডকে এগিয়ে নেন সিগুরসন। দুর্ভাগ্য বলতে হবে ডাচদের, গোলরক্ষক জাস্পার সিলেসেনের হাতে লেগেও যে বল জড়িয়ে যায় জালে।

ভাগ্যকে দোষ দেওয়ার আরো অনেক কারণ আছে স্বাগতিকদের। ৩১ মিনিটে কুঁচকিতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় অধিনায়ক আরিয়েন রবেনকে। এই ধাক্কা সামলে ওঠার আগেই দুই মিনিট পর আবার লাল কার্ডের আঘাত। আইসল্যান্ড স্ট্রাইকার কোলবেইন সিগথোরসনের ঘাড়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ব্রুনো মার্টিনস ইন্ডি। ১০ জনের দল নিয়ে লড়াইটা তবু ভালোই চালিয়ে যাচ্ছিল ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা, কিন্তু দ্বিতীয়ার্ধের পেনাল্টি শেষ করে দেয় সব চেষ্টা। এই হারে মূল পর্বে খেলার ভাগ্য অনেকটাই ঝুলে গেল ডাচদের। মিডফিল্ডার ওয়েসলি স্নেইডারও সেটা বেশ ভালোমতো বুঝতে পারছেন, যে কারণে সামনের ম্যাচগুলোতে তাঁর খুব মনোযোগ, ‘সামনের তিনটি ম্যাচই জিততে হবে আমাদের। কারণ এখনো জানি না আমরা ফ্রান্সে যেতে পারব কি না।’ স্নেইডার যখন ফ্রান্সে যাওয়ার ব্যাপারে কথা বলছেন, তখন কোচ ব্লিন্দ লক্ষ্য ঠিক করছেন তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করার, ‘সত্যি তো সামনে চলেই এসেছে, আমরা তৃতীয় স্থানের জন্য লড়ব।’ ‘এ’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস তৃতীয় স্থানে, শীর্ষে থাকা আইসল্যান্ড এগিয়ে রয়েছে ১৮ পয়েন্টে। আর ১৬ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্র রয়েছে দ্বিতীয় স্থানে, যারা পরশু ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

টানা তিন ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের মুখ দেখেছে ইতালি। ঘরের মাঠে মাল্টার বিপক্ষে তাদের জয় ১-০ গোলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৬৯ মিনিটে গ্রাজিয়ানো পেল্লের লক্ষ্যভেদে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থাকা ক্রোয়েশিয়াকে ধরে ফেলেছে তারা। আজারবাইজানের সঙ্গে গোলশূন্য ড্র করে ফেরায় এখন ইতালির সমান ১৫ পয়েন্ট তাদেরও। যদিও গোল ব্যবধানে পিছিয়ে আছে ইতালি। উড়ছে গ্যারেথ বেলের ওয়েলস। ৫৮ বছর পর বড় কোনো প্রতিযোগিতার মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে তারা। বেলের একমাত্র গোলেই ওয়েলস ১-০তে হারিয়েছে সাইপ্রাসকে। জিতেছে ফেভারিট বেলজিয়ামও। ঘরের মাঠে এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও মারুয়ান ফেলাইনির লক্ষ্যভেদে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে। এএফপি