শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

news-image

২০১০ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। মুখোমুখি অস্ট্রেলিয়া ও হল্যান্ড। ২০ মিনিটে আরিয়েন রোবেনের গোলে লিড নিল হল্যান্ড। মিনিটখানেক পরই গোল শোধ অস্ট্রেলিয়ার। গোলদাতার নাম টিম কাহিল। শুধু তাই নয় দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অধিনায়ক জেডিনাকের পেনাল্টিতে ২-১ এ লিডও নিল অস্ট্রেলিয়া। সবার চক্ষুতো চড়কগাছ। তবে টোটাল ফুটবলের জনক হল্যান্ড শেষটা তাদের করেই নিয়েছিল রবিন ফন পার্সি ও মেমফিসের গোলে। হল্যান্ড জিতল ৩-২ ব্যবধানে। তবে হারলেও এই ম্যাচে দ্রুত গোল শোধ ও লিড নেয়ার কারণে প্রশংসিত হয়েছিল সকারুজ শিবির। সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার পার্থে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভয় না রোমাঞ্চ, কি ভর করছে মামুনুলদের উপর, তা বলা মুশকিলই।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এ যেন নতুন অধ্যায়। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া, তাও আবার তাদের মাঠে। অজানা আতংকের সঙ্গে বাড়তি উত্তেজনাও তাই চরমে ক্রুইফ শিবিরে।  প্রতিপক্ষ বেশ শক্তিশালী, রেজাল্ট কি হবে তাও অনুমেয়; ফলে বাড়তি চাপ খুব একটা নেই সফরকারী শিবিরে। বলা চলে শতভাগ দেয়ার চেষ্টায় মরিয়া সবাই।তবে দুই দলের শক্তির ফারাকই এতসব আলোচনার জন্ম দিচ্ছে। ফিফা র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬১ নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৭০। র‌্যাংকিং বাদ দিলেও ফারাক রয়েছে অন্যসব ক্ষেত্রেও। অস্ট্রেলিয়া বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা যাদের রয়েছে চারবার। দলে তারকা ফুটবলারের ছড়াছড়ি। বেশীরভাগ ফুটবলারই সারা বছর দাপিয়ে বেড়ায় ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে।

 

পার্থে শেষ মূহুর্তের অনুশীলনে ব্যস্ত জাহিদ-এমিলিরা

তবে ইনজুরির কারণে শক্তি কিছুটা খর্ব হয়েছে অস্ট্রেলিয়ার। ইতোমধ্যে অধিনায়ক জেডিনাক ও গোলরক্ষক ম্যাট রায়ানসহ গুরুত্বপূর্ণ মোট চারজন ফুটবলার ছিটকে পড়েছেন দল থেকে। যা অস্ট্রেলিয়ার কোচ আঙ্গে পোস্তেকগলুকে চিন্তায় ফেলে দিয়েছে। ফুটবলীয় ভদ্রতার খাতিরে হোক, কিংবা মন থেকেই হোক, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার তিনি বলেছেন, ‘বাংলাদেশকে আমরা সিরিয়াসলিই নিচ্ছি’। কোচের এমন কথায় আশার সঞ্চার হতে পারে বাংলাদেশ শিবিরে।

বিশ্বকাপে এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। বাকি দলগুলো হলো অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান ও জর্ডান। সবাই প্রত্যেক দলের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। প্রথম ম্যাচে কিরগিজস্তানের সঙ্গে ৩-১ গোলে হার। দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলেছে একটিমাত্র ম্যাচ। যে ম্যাচে কিরগিজস্তানকে অনেক কষ্টে তারা হারিয়েছে ২-১ গোলে।

ফ্রি কিকের অনুশীলনে মগ্ন মামুনুল

পার্থে বুধবার ম্যাচ পূর্বর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের অধিনায়ক ও কোচ। দুই কোচই সমীহ করছেন পরস্পরকে। দুই অধিনায়কের কণ্ঠে ভালো খেলার আশাবাদ। বৃহস্পতিবারের লড়াই বেশ জম্পেশ হবে জানিয়ে অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘এনআইবিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ভালোই হবে। প্রায় দশ বছর পর এই গ্রাউন্ডে অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে। ফলে এই মাঠ দুই দলের কাছেই প্রায় নতুন। তবে এটা আমাদের হোম গ্রাউন্ড, দর্শকও আমাদের।’

বাংলাদেশ প্রসঙ্গে পোস্তেকগলু বলেন, ‘তাদের ম্যাচের ভিডিও দেখেছি। বিশেষ করে মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচটি (যে ম্যাচ গোলশূণ্য ড্র হয়েছিল) পর্যবেক্ষণ করেছি। তবে আমরা জানি কিভাবে প্রতিপক্ষকে থামাতে হয়। তবে আমরা গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে পাব না। বিশেষ করে অধিনায়ক জেডিনাক। সব মিলিয়ে বাংলাদেশকে গুরুত্ব দিয়েই দেখছি। তবে ফুটবলে অনেককিছুই ঘটতে পারে। যারা ভালো খেলবে তারাই জিততে পারে’।

মূল অধিনায়ক জেডিনাক মাঠের বাইরে। কালকের ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন দলের সবচেয়ে তারকা ফুটবলার টিম কাহিল। যিনি প্রায় আট বছর খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, এভারটনের হয়ে। প্রথমবারের মতো বাংলাদেশের মোকাবেলার আগে তিনি বেশ শিহরিত। তিনি বলেছেন, ‘এটা হবে রোমাঞ্চকর একটি ম্যাচ। কারণ প্রথমবারের মতো দুই দলের ম্যাচ এটি। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচটিকেও আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে।’

বাংলাদেশ প্রসঙ্গে টিম কাহিল বলেন, ‘এই দল সম্পর্কে খুব বেশী ধারণা নেই আমার। খেলোয়াড়দের সম্পর্কেও। তবে বাংলাদেশ আমাদের সঙ্গে গোলশুন্য ড্র করতে পারে। যেমনটি আমরা হল্যান্ডের সঙ্গে করতে পারি। তবে আমরা জয়ের ধারায়ই থাকতে চাই’। কাহিলের প্রচ্ছন্ন হুমকি।

কোচ ডি ক্রুইফের টিপস মন দিয়ে শুনছে বাংলাদেশ শিবির

অন্যদিকে বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি বাংলাদেশের জন্য অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ্য। অস্ট্রেলিয়া এশিয়া চ্যাম্পিয়ন, নম্বর ওয়ান টিম। র‌্যাংকিং ও অন্যসব হিসাব করলে আমরা আন্ডারডগ। তবে আমাদের লক্ষ্য সেরাটা দেয়ার। কৌশল, স্কিল দিয়ে অস্ট্রেলিয়াকে থামানোর চেষ্টা করব আমরা। আমার দলে সবাই তরুণ। তারা মুখিয়ে আছে পার্থে খেলার জন্য।’ তবে এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না ক্রুইফ। ফিফার নিষেধাজ্ঞা থাকায় তাকে থাকতে হবে গ্যালারীতে। তার পরিবর্তে টাচ লাইনে থাকবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেশীয় কোচ সাইফুল বারী টিটু।

তবে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম ৯০ মিনিট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য এই ম্যাচটি হবে ভালো অভিজ্ঞতা অর্জনের। আমাদের চেষ্টা থাকবে নিজেদের সর্বোচ্চটা দেয়ার। মালয়েশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে ড্র করায় (গোলশূণ্য) মানসিকভাবে এগিয়ে আছি। মাঠে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইট করব। আমরা জানি অস্ট্রেলিয়া শক্তিশালী দল, কিন্তু লড়তে প্রস্তুত আমরাও’।

আগামীকাল বৃহস্পতিবার কী হবে পার্থে? অস্ট্রেলিয়ার গোলবন্যা, নাকি বাংলাদেশের সম্মানজনক স্কোর। সেটাইএখন দেখার বিষয়।