হাঙ্গেরিতে ট্রেন স্টেশন বন্ধ অভিবাসীদের ক্ষোভ
অস্ট্রিয়া ও জার্মানি অভিমুখে অভিবাসীদের স্রোত থামাতে বুদাপেস্টের প্রধান ট্রেন স্টেশন কেলেতি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাঙ্গেরি কর্তৃপক্ষ তা বন্ধ ঘোষণা করে। স্টেশন থেকে কোনো ট্রেনই ছাড়বে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। এতে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে অভিবাসন প্রত্যাশীরা। এদিকে সোমবার অস্ট্র্রিয়ায় বিভিন্ন ট্রেনে করে বুদাপেস্ট থেকে ৩ হাজার ৬৫০ উদ্বাস্তু অস্ট্রিয়ায় পা রাখে। সেখান থেকে গতকাল সকালের দিকে জার্মানি পেঁৗছে অন্তত ১ হাজার ৪০০ জন। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) লাখের অধিক অভিবাসীকে গ্রহণের ঘোষণা দিলেও এর সমালোচনা করেছেন ব্রিটেনের ইউকিপ পার্টির প্রধান নাইজেল ফারাজ। স্টেশন বন্ধ করে দেওয়ার ঘোষণায় গতকাল মঙ্গলবার সকালে প্রায় হাজারখানেক অভিবাসনপ্রত্যাশী জার্মানি যাওয়ার আশায় রাজধানীর প্রধান রেল স্টেশনটির সামনে জড়ো হয়ে 'জার্মানি, জার্মানি' বলে চিৎকার করতে থাকে এবং তাদের অনেকেই নিজেদের ট্রেন টিকেট মাথার ওপর উঁচিয়ে ধরে। তারা জোর আবেদন জানাতে থাকে স্টেশনটি পুনরায় তাদের জন্য খোলে দিতে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকে পুলিশ শহরবাসী ও পর্যটক ছাড়া কোনো অভিবাসীকেই স্টেশনে ঢুকতে দিচ্ছে না। অভিবাসীরা এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করছে। অত্যধিক মূল্যের বিনিময়ে অনেক অভিবাসী নিজের ও পরিবারের জন্য টিকিট কিনেছিল। তারা এসব টিকিট ব্যবহার করে আদৌ জার্মানি বা অস্রিদ্বয়া যেতে পাবে কি-না তা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। গত কয়েক দিনে এ স্টেশন থেকে হাজার হাজার উদ্বাস্তু ভিয়েনা ও মিউনিখের উদ্দেশে যাত্রা করেছে।
অস্ট্রিয়ায় পেঁৗছেছে অভিবাসী বোঝাই ট্রেন :অস্ট্রিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার সন্ধ্যার দিকে বিভিন্ন ট্রেনে করে একদিনেই অন্তত ৩ হাজার ৬৫০ জন উদ্বাস্তু ভিয়েনাতে পা রেখেছে। তাদের অধিকাংশই জার্মানি যেতে আগ্রহী। চলতি বছরে এর আগে এত বেশি সংখ্যক উদ্বাস্তু একদিনে ভিয়েনায় পা রাখেনি। সেখানে নবাগতদের স্বাগত জানাতে প্রায় ২০ হাজার লোক জড়ো হয়। এর কিছুক্ষণ পরই ভিয়েনার ওয়েস্টবানহফ স্টেশনের ভেতর প্রবেশ করে অভিবাসনপ্রত্যাশীরা। এদের অনেকের ভিসা নেই।
তবে পুলিশ তেমন কোনো বাধা দেয়নি। খবর :বিবিসি, এএফপি।











