শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মন্দিরে চুরি : তিন শ বছরের পুরনো দুটি মূর্তি খোয়া

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পুরনো কালি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা ওই মন্দিরের তিন শ বছরের পুরনো দুটি মূর্তি নিয়ে গেছে। গতকাল সোমবার বিকেলে এ ব্যাপারে থানায়   মামলা হয়েছে। 
পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্র জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে একদল দূর্বৃত্ত উপজেলা সদরের তিন শ বছরের পুরনো কালিমন্দিরের চারটি তালা ভেঙ্গে বেদিতে ঢুকে সাধারন পাথরের তৈরী দুটি মূর্তি নিয়ে যায়। মূর্তি দুটির মধ্যে রয়েছে শিবলিঙ্গ (ওজন প্রায় ৬০ কেজি), অপরটি হচ্ছে গৌরি (২০ কেজি)। এ সময় দূর্বৃত্তরা মন্দিরে রাখা পূঁজার কিছু উপাদানও নিয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির সদ্য নির্বাচিত (২৯.০৮.১৫ কমিটি গঠন) সাধারন সম্পাদক সুবিমল ধর (৬৫) জানান, তিন শ বছরের পুরনো মূর্তি দুটি বাহ্যিকভাবে দেখতে কষ্টি পাথরের মনে হলেও এগুলো ছিল সাধারন পাথরে নির্মিত। আমাদের ধারনা দূর্বৃত্তরা মূর্তি দুটোকে মূল্যবান কষ্টি পাথরে নির্মিত মনে করে চুরি করেছে। আমার জানা মতে, গত এক শ বছরের মধ্যে এখানে এমন ঘটনা ঘটেনি। তবে এখানে বহিরাগত কিছু মাদকসেবীদের আনাগোনা রয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এ ঘটনার পর পর রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ও গতকাল ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন মন্দির পরিদর্শন করেছেন। এ ঘটনায় মন্দিরের সেবায়েত স্বাধীন চক্রবর্তী বাদী হয়ে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করেছেন। তবে এ মামলায় কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। 
ওসি মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।