চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি
পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল, নতুন শিল্পাঞ্চল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি; প্রথম বছরে এক হাজার কর্মীকে প্রশিক্ষণের পরিকল্পনা
মোঃ তাজ উদ্দিন : দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্য সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। এ উপলক্ষে শিল্পের বিদ্যমান সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন ও নীতিগত সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা তুলে ধরেছে সংগঠনটি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে এলএফবির লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্যবসায়ী ও অংশীজনদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় চামড়া শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও দক্ষ জনবলের ঘাটতি, আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা, পরিবেশগত ব্যবস্থাপনার দুর্বলতা, আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের জটিলতা এবং নীতিগত সীমাবদ্ধতার কারণে এ খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না।
তাঁদের মতে, এ শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ, দক্ষ মানবসম্পদ তৈরি, বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকার, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, বাণিজ্য সংগঠন ও কারিগরি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই শিল্পের সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান সংকটে পড়ত না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চামড়া শিল্পকে বাস্তবে টিকিয়ে রাখা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা এবং প্রয়োজনকে নীতিনির্ধারণে গুরুত্ব দিতে হবে। রাসায়নিক উপকরণ সরবরাহ, আমদানি-রপ্তানি এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
ছয়টি স্থায়ী কর্মসূচিভিত্তিক শাখায় কার্যক্রম
ফাউন্ডেশনের মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের বিভিন্ন উপখাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করাই এলএফবির অন্যতম প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পবান্ধব নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মক্ষম জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্প প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারছে না।
তিনি জানান, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী কর্মসূচিভিত্তিক শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো—এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, এসএমই ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং চামড়া শিল্পের শ্রমিকদের সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর পরিকল্পনা ঘোষণা করা হয়।
এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদারে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ।
শিল্পের উন্নয়নে ১৩ দফা কৌশলগত প্রস্তাব
চামড়া শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সংকট নিরসনে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো—
– চামড়া শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন।
– ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ।
– সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ।
– এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক প্রতিষ্ঠা।
– চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন।
– পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
– সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণকেন্দ্র ও কোল্ড স্টোরেজ নির্মাণ।
– সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্য তৈরিতে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করা।
ফাউন্ডেশনের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে চামড়া শিল্পের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করা, দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়ানো, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
সহজ ঋণ ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব
ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে কার্যকর সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বাড়াতে শুধু লবণ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রাজেকুজ্জামান রতন, গ্যাংচিও ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ, বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির উপদেষ্টা হাজি গোলাম কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, অধ্যাপক ড. সবুর আহমেদ এবং ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমানসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সোহেল আহমেদ, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদ এবং স্টেপ ফুটওয়্যারের প্রধান নির্বাহী শামিম আমিনুলসহ অন্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি বেলাল হোসেন, কোষাধ্যক্ষ শাহ সুলতান, পরিচালক বিল্লাল হোসেন, এম ফয়সাল মাহফুজ, শোয়াইব ইবনে মাহফুজ ও মাকসুদা খাতুনসহ চামড়া শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা, প্রযুক্তিগত আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় চামড়া শিল্প গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











