আমাকে কখনো বাদ দেয়া যাবে না : বোল্ট
ইনজুরিতে আক্রান্ত হবার পরও ঝুকি নিয়ে বিশ্ব অ্যাথলেটিকস প্রতিযোগিতার রিলেতে শিরোপা জয়ের মাধ্যমে ট্রেবল স্বর্ণ পদক জয় করে নিয়েছেন জ্যামাইকান সুপার স্টার উসাইন বোল্ট। তাকে কখনোই বাদ দেয়া যাবেনা বলেও সমালোচকদের সতর্ক করে দিয়েছেন উচ্ছসিত গতি দানব।জ্যামাইকার দলগত ইভেন্ট ১০০ মিটার রিলেতে সবার আগে সামাপ্তি রেখায় নোঙ্গর ফেলেন বোল্ট। ফলে বিতর্কিত মার্কিন অ্যাথলেট জস্টিন গ্যাটলিনের সব প্রচেস্টাকে ব্যর্থ করে দিয়ে প্রতিযোগিতা থেকে ট্রেবল স্বর্ণ পদক নিশ্চিত করেন এর আগে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জয়ী বোল্ট।
এটি শীর্ষ টুর্নামেন্টে বোল্টের পঞ্চমবারের মত ট্রেবল স্বর্ণপদক জয়ের ঘটনা। এর আগে ২০০৮ ও ২০১২ সালে যথাক্রমে বেইজিং ও লন্ডন অলিম্পিকেও ট্রেবল স্বর্ন জয় করেছেন বোল্ট। এছাড়া বার্লিন ও মস্কোয় অনুষ্ঠিত যথাক্রমে ২০০৯ ও ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপেও ট্রেবল স্বর্ণ জয়ের দূর্লভ গৌরব অর্জন করেন জ্যামাইকার সুপার স্টার। ২০১১ সালে দেগুতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার ইভেন্টে ফলস স্টার্ট এর শিকার হলে ওই ইভেন্টে স্বর্ন জেতা হয়নি বোল্টের। তবে ২০০ মিটার ও রিলেতে ঠিকই স্বর্ণ পদক জয় করেছিলেন বোল্ট। বেইজিংয়ে ট্রেবল স্বর্ণ পদক জয়ের পর বোল্ট বলেন, 'সবার ভুল ভেঙ্গে দেবার কারণে এই প্রতিযোগিতাটিকেই আমার সেরা অর্জন বলে মনে হচ্ছে।’ পিঠের ইনজুরির কারণে ২৯ বছর বয়সি এই তারকা অ্যাথলেটকে চলতি মৌসুমে ছয় সপ্তার জন্য ট্র্যাকের বাইরে থাকতে হয়েছে। বোল্ট বলেন, ‘এই মৌসুমটা আমার খুবই খারাপ কেটেছে। আশা করছি পরবর্তী মৌসুমটা এমন হবে না। নতুন মৌসুমের শুরুতেই আমি চেস্টা করব নিজেকে সেরা অবস্থানে ফিরিয়ে নিতে। আশা করছি সেরাটা দৌড়ানোর পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আমি রিওতে যেতে পারব। আমি এখানে এসেছি নিজের কাজটি সম্পন্ন করার জন্য। তবে আমি সচরাচর যেমনটি থাকি এর চেয়ে বেশী মনোযোগী ছিলাম এই আসরে। এখন বেশ কটি প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে আমি আরো বেশী নিখুঁত আবয়বে ফিরতে পেরেছি।
সতীর্থ নিকেল আসমেয়াদের কাছ থেকে ব্যাটন গ্রহণের পর বিশ্ব আসরে ক্যারিয়ারের ১১তম স্বর্ণ পদক জয়ের জন্য যেটুকু করার প্রয়োজন ছিল বোল্ট তার সবটুকুই করেছেন। এ সময় নিজে কোন চাপে ছিলেননা জানিয়ে বোল্ট বলেন, ‘বরং এটি আমার জন্য অপেক্ষাকৃত সেরা ফলই বলব। কারণ অনিশ্চয়তার মধ্য দিয়েই আমি গোটা মৌসুমটি কাটিয়েছি। এখানে এসে আমি আমার সামর্থ্যের সবটুকুই কাজে লাগিয়েছি। এর ফলস্বরূপ জয় করতে পেরেছি তিনটি স্বর্ণ পদক। এই সফলতায় আমি খুশি।’ তিনি ফের জোর দিয়ে বলেন, ‘আমি কখনোই চাপ অনুভব করিনি। আপনার মধ্যে কখনো দ্বিধা থাকতে পারবেনা। যখন আপনি দ্বিধা-দ্বন্দে ভুগবেন তখন দৌঁড়াতে পারবেন না। এখানে আসার সময় আমি নিজের করণীয় সম্পর্কে অবগত ছিলাম। আমার কোচ (গ্লেন মিলস) সব সময় আমার উপর আস্থা রেখেছেন। আমিও তার প্রতি আস্থাশীল ছিলাম। ফলে আমরা একত্রিত হয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরেছি। আমার মধ্যে কখনো হেরে যাবার ভয় ছিলনা। আমি এখানে এসেছি এটি প্রমাণ করার জন্য যে আপনি কখনো উসাইন বোল্টকে বাতিলের খাতায় লিখতে পারবেন না। আমি একজন চ্যাম্পিয়ন। যে কোন পরিস্থিতিতেই থাকিনা কেন এর প্রমাণ আমি দিয়েছি। ’
বোল্ট এর মতে আগামী বছর রিও অলিম্পিকের পর তিনি নিজেকে পরখ করে দেখবেন এর পরও নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত রাখা যায় কিনা। কারণ ক্রীড়া বিশ্বে তিনি কিংবদন্তী তারকা হিসেবে বেঁচে থাকতে চান। বোল্ট বলেন, ‘আমি বলিনি যে রিও অলিম্পিকের পরই আমি সম্পুর্ন ভাবে অবসরে চলে যাব। রিও’র পর আমি দেখব নিজে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছি। যদি দেখি যে আমার মধ্যে যথেস্ট শক্তি রয়েছে তাহলে থাকব। তাই এখন আমি রিও’র দিকেই তাকিয়ে আছি।’ বোল্ট বলেন, ‘কোন রকম ইনজুরির মধ্যে না পড়ে ভাল ফলাফল নিয়ে মৌসুম শেষ করতে পারাটা দারুন ব্যাপার। এর ফলে ইতিবাচক মনোভাব নিয়ে ভাল অবস্থায় রিও’র পথে অগ্রসর হওয়া যাবে।’ – বাসস।











