গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে গণতন্ত্র ও মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভায় শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্টদের প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি আরও জানান, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। তবে এটি গঠনের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা প্রয়োজন হবে। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, তা আলোচনা করে নির্ধারণ করা হবে।
মতবিনিময় সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজেদের দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।
এ সময় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন এবং ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর