ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক : শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইলেও সদস্য মোতায়েন রয়েছে।
এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন তারা।
বিজিবি জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে সদরদপ্তরের মনিটরিং সেল সক্রিয় রয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইসের সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।











