বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে
নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও বিষয়টি জানেন না। রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে নানা জটিলতা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, টাইপ-২ ডায়াবেটিস দীর্ঘদিন নীরবে শরীরে বাসা বাঁধতে পারে। তাই রোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই।
আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হচ্ছে। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
আইডিএফের তথ্য অনুযায়ী, বিশ্বে ২৫ কোটি ২০ লাখের বেশি মানুষ জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাত্র ৫৭ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে অবগত। শনাক্ত না হওয়া রোগীদের প্রায় ৯০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশের বাসিন্দা। ২০২৪ সালে বিশ্বে ডায়াবেটিসের চিকিৎসা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যব্যয়ে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে।
দেরিতে শনাক্ত হওয়ায় বাড়ছে জটিলতা
বারডেম হাসপাতালের একাডেমি অ্যান্ড রিসার্চ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক পাঠান জানান, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ টাইপ-২ রোগী। এ রোগের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। অনেকের ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত রোগ শনাক্ত হয় না। ফলে রোগ ধরা পড়ার সময় প্রায় অর্ধেক রোগীর শরীরে কোনো না কোনো জটিলতা তৈরি হয়ে যায়।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কা
আইডিএফের ডায়াবেটিস অ্যাটলাসের ১১তম সংস্করণের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ প্রতি ৯ জনে একজন এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
একই সময়ে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে ৮৫ কোটি ৩০ লাখ হতে পারে। বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার কিছুটা বেশি। পুরুষদের ক্ষেত্রে এ হার ১১ দশমিক ৫৫ শতাংশ এবং নারীদের ১০ দশমিক ৬৮ শতাংশ। গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আক্রান্তের হারও বেশি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান বলেন, দেশে ডায়াবেটিস এখন বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এ রোগের ঝুঁকি কমাতে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
খাদ্যে সতর্কবার্তা চালুর দাবি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান সম্পর্কে ভোক্তাদের জানার অধিকার রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা সংক্রান্ত খসড়া প্রবিধান দ্রুত চূড়ান্ত করার দাবি জানান তিনি।
প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন জরুরি
চিকিৎসকদের মতে, বংশগত প্রবণতার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে শনাক্ত করে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটাচলা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।
এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের দক্ষতা বাড়ানো, কম খরচে বা বিনা মূল্যে রক্তে শর্করা পরীক্ষার সুযোগ তৈরি এবং ঝুঁকিতে থাকা মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিজ নিজ পরিবার, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি সরকারের অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর বারডেম হাসপাতালে র্যালি, আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। মিরপুরের আলোক হাসপাতালেও গণমাধ্যমকর্মীদের জন্য বিনা মূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।











