বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে তুলার উৎপাদনের তুলনায় ব্যবহার বাড়তে থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে বৈশ্বিক চাহিদা উৎপাদনের চেয়ে প্রায় ৫৩ লাখ বেল বেশি হতে পারে। একই সময়ে তুলার মজুদ গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এতে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পেও।
ইউএসডিএর নভেম্বর ২০২৬-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে বিশ্বে তুলা উৎপাদন হতে পারে ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার বেল। বিপরীতে ব্যবহার দাঁড়াতে পারে ১২ কোটি ২৭ লাখ ৫০ হাজার বেলে। ফলে উৎপাদনের তুলনায় চাহিদা প্রায় ৫২ লাখ ৭০ হাজার বেল বেশি থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মৌসুম শেষে বিশ্বে তুলার মজুদ কমে ৭ কোটি ৫ লাখ ৭০ হাজার বেলে দাঁড়াতে পারে। আগের মৌসুমে এই পরিমাণ ছিল ৭ কোটি ৫৬ লাখ ৪০ হাজার বেল। অর্থাৎ এক বছরে মজুদ কমতে পারে প্রায় ৫০ লাখ ৭০ হাজার বেল।
জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের শিল্প
বিশ্বের অন্যতম বড় তুলা আমদানিকারক বাংলাদেশও সম্ভাব্য এই সংকটের প্রভাব থেকে মুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমার পাশাপাশি দেশের স্পিনিং মিলগুলো গ্যাস সংকটের কারণে উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না।
ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশে তুলার ব্যবহার হতে পারে ৭৪ লাখ বেল এবং আমদানি ৭২ লাখ বেল। ২০২৪-২৫ মৌসুমে দেশে তুলার ব্যবহার ছিল ৮২ লাখ বেল।
শিল্পসংশ্লিষ্টদের বিশ্লেষণে বলা হয়েছে, গ্যাস সরবরাহের ঘাটতি, এলএনজি আমদানিতে বিঘ্ন এবং টার্মিনালের কার্যক্রমে সমস্যার কারণে স্পিনিং মিলগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে। কোনো কোনো কারখানায় উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। কিছু প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রাখতেও বাধ্য হয়েছে।
উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বাজারে তুলার চাহিদা ও আমদানি দুটিই কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য সংকটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন পরিস্থিতিও শিল্পের জন্য উদ্বেগ তৈরি করছে।
ভিয়েতনামের তুলার ব্যবহার বাড়ছে
বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের তুলার ব্যবহার বাড়ার প্রবণতাও নতুন করে আলোচনায় এসেছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুমে ভিয়েতনামে তুলার ব্যবহার দাঁড়াতে পারে ৮৩ লাখ বেলে। বিপরীতে বাংলাদেশে এর পরিমাণ হতে পারে ৭৪ লাখ বেল।
২০২৪-২৫ মৌসুমে ভিয়েতনামের তুলার ব্যবহার ছিল ৮০ লাখ বেল। পরবর্তী মৌসুমে তা বেড়ে ৮১ লাখ ৫০ হাজার বেলে পৌঁছায়। চলতি মৌসুমেও বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকার পূর্বাভাস রয়েছে।
শিল্প বিশ্লেষকদের মতে, ভিয়েতনামের কার্যকর বন্দর ব্যবস্থাপনা, সরবরাহব্যবস্থা ও লজিস্টিকস সক্ষমতা দেশটির তুলা আমদানি ও শিল্প উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখছে।
বাড়তে পারে পোশাক উৎপাদন ব্যয়
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়লে সুতা ও কাপড় উৎপাদনের খরচও বাড়বে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে পোশাক উৎপাদন ও রপ্তানিতে।
এদিকে স্থানীয় স্পিনিং শিল্পকে সহায়তা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে প্রচলিত শুল্কমুক্ত বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পর্যাপ্ত গ্যাস না থাকলে স্থানীয় কারখানাগুলোর উৎপাদন বাড়ানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ
শিল্পসংশ্লিষ্টদের মতে, তুলা ও সুতা শিল্পের সক্ষমতা বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তুলা আমদানির উৎস বহুমুখী করা, আগাম ক্রয় এবং মজুদ ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্ববাজারে তুলার সরবরাহ সংকটের আশঙ্কা বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সম্ভাবনার পাশাপাশি স্থানীয় স্পিনিং মিলগুলোর উৎপাদন সক্ষমতা কম থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তার মতে, শুধু আমদানি নীতিতে পরিবর্তন আনলেই হবে না; জ্বালানি নিরাপত্তা, উৎপাদন সক্ষমতা ও সরবরাহব্যবস্থার উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল