শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামের ঊর্ধ্বগতি থামছে না। নতুন আলু, গাজর, টমেটো ও শিমসহ বিভিন্ন সবজি কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামও রয়েছে প্রায় অপরিবর্তিত। এর মধ্যে রমজান সামনে রেখে আগেভাগেই বাড়তে শুরু করেছে ছোলার দাম।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, জিগাতলা ও সাদেক খান কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা। পুরোনো আলুর দাম ২০ থেকে ২৫ টাকা। গাজর ১০০ থেকে ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা এবং পুরোনো টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৮০ টাকা, শিম ৬০ থেকে ১২০ টাকা, ব্রকলি ১০০ টাকা এবং মুলা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।
বাজারে বেগুন ৫০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ১০০ টাকা, বরবটি ৯০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটোল ও ঝিঙা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
অন্যান্য নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, বড় রসুন ২০০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বিভিন্ন ধরনের শাক তুলনামূলক কম দামে, আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায় মিলছে।
জিগাতলা কাঁচাবাজারের বিক্রেতা মালেক মিয়া জানান, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। শীত দেরিতে আসায় আগাম সবজির উৎপাদন ও বাজারে সরবরাহে প্রভাব পড়েছে। পরিবহন খরচও দামের ওপর প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তিনি।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, নতুন সবজি বাজারে এলেও দাম নাগালের বাইরে। বাড়তি দামের কারণে প্রয়োজনীয় পণ্যও পরিমাণমতো কেনা সম্ভব হচ্ছে না। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে পড়ছে বলে জানান ক্রেতারা।
মাছ, মাংস ও ডিমের দাম
মাছের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রমজানের আগেই বাড়ছে ছোলার দাম
রমজান শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে ছোলার দাম বাড়তে শুরু করেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
ব্যবসায়ীদের দোকানে ভালো মানের ছোলা ১২০ টাকা এবং সাধারণ মানের ছোলা প্রায় ১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুতে প্রতি কেজি ছোলার দাম ছিল প্রায় ১০০ টাকা। পাশাপাশি ছোলার ডালের দামও বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় পৌঁছেছে।
রমজানের আগে থেকেই ছোলার দাম বাড়তে থাকায় সামনের দিনগুলোতে নিত্যপণ্যের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল