লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক : ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তা রয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও এমন হুমকি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। এ ঘটনায় শিগগিরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান এই সংসদ সদস্য।
তবে হুমকির পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।











