মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

news-image

মাদারীপুর ও শিবচর প্রতিনিধি : মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক সামচু ঢালী। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা তৈরি হয়। পরিবারের দাবি, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ গত ১২ নভেম্বর দায়ের করা মামলায় তাকে ২৫১ জন নামীয় আসামির তালিকায় রাখা হয়েছে।
সামচু ঢালী শিবচরের কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। নামের তালিকায় ২১৯ নম্বরে রয়েছে সামচু ঢালীর নাম।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, তার বাবা মার্চ মাসেই মারা গেছেন। এরপরও মামলায় নাম আসায় তারা বিস্মিত। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে তাদের আপত্তি নেই। তবে কীভাবে একজন মৃত ব্যক্তিকে আসামি করা হলো, তা তদন্তের দাবি জানান তিনি।
মামলার বাদী এসআই আকরাম হোসেন বলেন, আসামিদের নামের তালিকা তাকে দেওয়া হয়েছিল। তিনি ব্যক্তিগতভাবে সামচু ঢালীকে চিনতেন না।
অন্যদিকে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, এতসংখ্যক আসামির তালিকায় ভুলবশত কারও নাম অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে অভিযোগের সত্যতা না মিললে কিংবা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি মামলার আসামি শনাক্ত ও এজাহার তৈরির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল