টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন টানা দ্বাদশ ম্যাচে জয় পেয়েছে। একইসঙ্গে টানা সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল লুইস দে লা ফুয়েন্তের দল। দারুণ পারফরম্যান্সে তারা চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে। উয়েফা নেশন্স লিগের তিন নম্বর গ্রুপে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতল স্প্যানিশরা।
চেক প্রজাতন্ত্রের মাঠে গিয়ে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছেন স্পেন। শুরু থেকেই পজেশন ধরে রাখলেও গোল পেতে তাদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজেদের বক্সে স্বাগতিক মিডফিল্ডার লুকাস অ্যামব্রোসের হাতে বল লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত আসে। স্পট কিকে স্পেনকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা।
বিরতির পর নেমেই সফরকারীরা লিড ব্যবধান দ্বিগুণ করেছিল। তবে অফসাইডে কাটা পড়ে ইয়েরেমি পিনোর গোল। গোলরক্ষক উনাই সিমন মাঝমাঠের ওপর দিয়ে কিক নিলে তিনি সবাইকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেছিলেন। কিছুক্ষণ পর চেক প্রজাতন্ত্র সমতায় ফেরার কাছে ছিল। কিন্তু লাদিস্লাভ ক্রেইচির ভলি শট সিমনের ওপর দিয়ে গিয়ে পোস্ট ঘেঁষে চলে যায়। এরপর ৬৮ মিনিটে তাদের আরেকটি হেড লাগে ক্রসবারে।
দুভাগ্যের দেয়াল টপকাতে না পারা চেক প্রজাতন্ত্র বড় ধাক্কা খায় ৭২ মিনিটে। প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে ডিফেন্ডার ক্রেইচি ফাউল করে লাল কার্ড দেখেন। ১০ জনের দল নিয়ে যোগ করার সময়ে দ্বিতীয় গোল হজম করে চেকিয়া শিবির। বদলি নামা মার্ক পুবিল নাম লেখার স্কোরশিটে। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।
নেশন্স লিগে পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। তিনে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট স্রেফ ৩।











