নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী
বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘আরএসভিপি মার্ডার’ নামের একটি রহস্যনির্ভর সিনেমায় দেখা যাবে তাঁদের। ছবিটি পরিচালনা করছেন অর্জুন দত্ত।
পাহাড়ি পরিবেশে একটি আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমার গল্প শুরু হবে। তবে হঠাৎ একটি রহস্যময় বার্তা পুরো পরিস্থিতি বদলে দেবে। আনন্দের পরিবেশ পরিণত হবে আতঙ্ক ও রহস্যে।
গল্পের তদন্ত যত এগোবে, ততই সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা দ্বন্দ্ব, দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং পারিবারিক বিরোধ। সুন্দর সম্পর্কগুলোর আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা, অবিশ্বাস ও গোপন সত্য নিয়ে এগোবে সিনেমার কাহিনি।
সিনেমায় অভিনয়ের বিষয়ে জয়া আহসান বলেন, পরিচালক অর্জুন দত্ত তাঁর পছন্দের একজন নির্মাতা। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি হওয়ায় ছবিটির অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। পাশাপাশি নিজের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সিনেমাটি নিয়ে আশাবাদী। তাঁর ভাষ্য, গল্প ও চরিত্র দুটিই বেশ আকর্ষণীয়। এ ধরনের চরিত্রে আগে অভিনয় না করায় দর্শক তাঁকে নতুনভাবে দেখতে পাবেন।
জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায় চৌধুরীসহ আরও অনেকে।
চলতি মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।











